সেনাবাহিনীকে মাদক নির্মূলের দায়িত্ব দিন: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা ও ফেনসিডিলিসহ মাদকের ব্যবহার বন্ধ করা এবং মাদক ব্যবসায়ীদের চিরতরে নির্মূল করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।দেশে বিভিন্ন ধরনের মাদকের ভয়াবহ ব্যবহার ও বিস্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল সোমবার এক বিবৃতিতে এরশাদ এ দাবি জানান। এরশাদ বলেন, এ মুহূর্তে মাদকের ব্যবহার দেশের চলমান রাজনৈতিক সংকটের চেয়েও ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে। দেশের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়াবহ বিপর্যয় ও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে এই মাদক ব্যবসার সঙ্গে রাজনৈতিক কিছু ব্যক্তি এবং প্রশাসনের লোকজনও জড়িত। তিনি বলেন, ‘আমরা রাজনীতিবিদেরা যাঁরা দেশকে নেতৃত্ব দিচ্ছি, তাঁরা কেউই এ বিরাট সমস্যাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নিচ্ছি না। এ অবস্থায় প্রশ্ন জাগে, তাহলে এ ভয়াবহ সমস্যার সমাধান কীভাবে সম্ভব?’এরশাদ বলেন, ‘আমার দীর্ঘ নয় বছরের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় মনে করি, বাংলাদেশকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে হলে অবিলম্বে সেনাবাহিনীকে এ দায়িত্ব দেওয়া প্রয়োজন। সেনাবাহিনী ছাড়া আর কারও পক্ষে দেশকে মাদকমুক্ত করা সম্ভব নয়। তাই মাদকের ব্যবহার বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে অবিলম্বে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।’ এরশাদ বলেন, একসময় থাইল্যান্ডেও ইয়াবার ভয়াবহ বিস্তার ঘটেছিল এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সে দেশের সরকার পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করে। প্রায় তিন হাজার ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসায়ীকে নির্মূল করার পর থাইল্যান্ড এখন ইয়াবামু্ক্ত।