সেনাবাহিনীকে 'বিচারিক ক্ষমতা' দেওয়ার দাবি আফরোজার
সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখাই যথেষ্ট নয়, তাদের বিচারিক ক্ষমতাও দিতে হবে—এমন দাবি করেছেন ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। গতকাল বুধবার পুরান ঢাকার সূত্রাপুরে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আফরোজা বলেন, ‘আমাদের দাবি ছিল সেনা মোতায়েন ও সব ভোটকেন্দ্রে সিসিটিভি। উপজেলা নির্বাচনেও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স ছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এবারও নির্বাচন কমিশন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের কথা বলেছে, এটা আইওয়াশ মাত্র। আমরা তাই সেনা চাইনি। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করতে হবে।’
খালেদা জিয়ার ওপর সরকার-সমর্থক নেতা-কর্মীদের হামলার বিষয়ে আফরোজা আব্বাস বলেন, ‘সিটি নির্বাচনে নিজেদের প্রার্থীর পরাজয়ের আশঙ্কা থেকেই সরকার-সমর্থকেরা খালেদা জিয়ার ওপর হামলা চালাচ্ছে। সরকার যে ভয় পেয়েছে, খালেদা জিয়ার ওপর বারবার হামলাই তা প্রমাণ করে। সরকার বুঝতে পেরেছে তাদের প্রার্থী জিততে পারবে না, এ কারণেই হামলা করছে।’
মির্জা আব্বাস এখনো প্রকাশ্যে প্রচারে না নামায় ভোটের ফলাফলে কোনো প্রভাব পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আফরোজা বলেন, মির্জা আব্বাস না থাকলেও ভোটারদের ওপর কোনো প্রভাব পড়বে না। জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন।