সেনাবাহিনীতে আট কর্মকর্তার বদলি পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে পদোন্নতি এবং পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেনাসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।যেসব উচ্চপদস্থ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক করা হয়েছে। ১৯৮০ সালের ১৫ জুন অষ্টম শর্ট কোর্সের মাধ্যমে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনা সদর দপ্তরের পূর্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল কাদিরকে অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট করা হয়েছে। কাদির ১৯৮৪ সালের ১ জুন প্রকৌশলী কোরে কমিশন লাভ করেন। এ ছাড়া, নন-কমিশন অফিসার্স একাডেমির (এমসিও) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আবদুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা সদরের সামরিক সচিব নিয়োগ করা হয়েছে। তিনি ১৯৮৩ সালের ১০ জুন অষ্টম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে কমিশন লাভ করেন।অন্য একটি আদেশে সেনাবাহিনীর উচ্চপদস্থ পাঁচজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাঁদের মধ্যে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে নবম পদাতিক ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) করা হয়েছে। নবম পদাতিক ডিভিশনের জিওসি কে এম মমিনুর রহমানকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। ইকবাল করিম ভূইয়া সেনাপ্রধান হওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল। বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট মেজর জেনারেল আবুল হোসেনকে মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট করা হয়েছে। রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদকে চট্টগ্রামের ২৪ পদাতিকের জিওসি করা হয়েছে। এ ছাড়া, সেনা সদরের সামরিক সচিব মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজীকে রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।