সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা রাঙামাটিতে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলার মাঝেরবস্তি এলাকা থেকে এক আদিবাসী নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কর্নেল পদবির দুটি ব্যাজ ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন কুমিল্লার সাগর বুগদাদী (৬০) ও তৌহিদুল ইসলাম (৫০) এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার আমু প্রু মারমা (২১)। সেখান থেকে প্রতারণার শিকার কুমিল্লার মনির হোসেন (২১) ও শাহাদাৎ হোসেন (২১) এবং কাপ্তাই উপজেলার থুইঅং মারমাকে (২১) উদ্ধার করা হয়। তাঁদের রাঙামাটি কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, এই তিনজন দেশের বিভিন্ন স্থানে গিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে লোকজনের সঙ্গে প্রতারণা করেছেন। রাঙামাটিতে এসে বাড়ি ভাড়া করে একই ধরনের প্রতারণা শুরু করেন তাঁরা। চাকরি পাওয়ার আশায় শাহাদাৎ হোসেন তাঁদের দুই লাখ ৫০ হাজার এবং মনির হোসেন এক লাখ ৫৩ হাজার টাকা দেন। থুইঅং মারমার সঙ্গে টাকা নিয়ে কথাবার্তা চলছিল।

রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) প্রহ্লাদ রায় বলেন, সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করার খবর পেয়ে বিষয়টি সেনাবাহিনীর রাঙামাটি জোনের কর্মকর্তাদের জানানো হয়। গতকাল সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাঙামাটি শহরের মাঝেরবস্তি এলাকার মো. নাসিরের বাড়ি থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে প্রতারণার শিকার তিনজনকে উদ্ধার করা হয়।

প্রহ্লাদ রায় বলেন, প্রতারক চক্রের তিন সদস্যের বিরুদ্ধে গতকাল মামলা হয়েছে। উদ্ধার হওয়া তিন তরুণকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।