সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারক চক্র ১১ জন আদিবাসী তরুণের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১৪ লাখ টাকা। প্রতারণার শিকার এসব তরুণের ১০ জন খাগড়াছড়ির দীঘিনালা এবং একজন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার।প্রতারকদের খপ্পরে পড়া তরুণেরা হলেন—দীঘিনালার হেডম্যানপাড়ার সুজন দেওয়ান, মিলনপুর গ্রামের রোজ চাকমা, আমতলী গ্রামের রিকুময় চাকমা, ছোট মেরুং এলাকার সুরেশ চাকমা, হেডম্যানপাড়ার সুজন দেওয়ান, বাবুছড়ার বার্জেজ চাকমা, কিরণ চাকমা, মেরুং এলাকার ডেভিড চাকমা, উদাল বাগান গ্রামের রনেল চাকমা ও উৎপল চাকমা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাট্টলীর সুপন চাকমা। তাঁরা এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত প্রতারক চক্রের সদস্যদের ঘুষ দিয়েছেন। ভুয়া নিয়োগপত্র হাতে পাওয়ার পর ওই প্রতারকদের কাছে তাঁরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের টাকা পাঠিয়েছেন। পরে নিয়োগপত্রে কাজে যোগদানের উল্লিখিত সেনানিবাসে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন নিয়োগপত্রগুলো ভুয়া। প্রতারক চক্রের খপ্পরে পড়া তরুণদের বর্ণনা অনুযায়ী দীঘিনালা উপজেলার শান্তিপুর গ্রামের মঙ্গলসেন চাকমার ছেলে জিতায়ন চাকমা ঢাকায় চাকরির সুবাদে দেবাশীষ চাকমা নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। দেবাশীষ জিতায়নকে বলেন, তিনি সেনাবাহিনীতে চাকরি করেন এবং সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। তিনি আদিবাসী হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে ১০-১২ জনকে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দিতে পারবেন। তখন তিনি (দেবাশীষ) তাঁকে আরও দুই যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এক যুবক নিজেকে মেজর মামুন ও অন্যজন তাঁর বন্ধু হাফিজুর হায়দার পরিচয় দেন। এরপর জিতায়নের মাধ্যমে খবর পেয়ে তাঁরা চাকরির জন্য প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখেন। ওই ১১ জনকে গত ৩০ এপ্রিল ও ১১ জুন স্বাক্ষর করা ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়। প্রতারণার শিকার রোজ চাকমার মা সুশীলা দেওয়ান বলেন, ‘৩০ এপ্রিল নিয়োগপত্র পেয়ে খুব খুশি হয়েছিলাম। তখন মেজর মামুন পরিচয়ে একজন ফোন করে বলেন, দ্রুত টাকা পাঠাতে হবে। নিয়োগপত্র হাতে পাওয়ায় আর অবিশ্বাস হয়নি, তাই আমি জমি বন্ধক রেখে গত ১ মে এসএ পরিবহনের মাধ্যমে কথিত মেজর মামুনের কাছে উত্তরার ঠিকানায় ৭০ হাজার টাকা (মেমো নম্বর- ইপি-৬৯৪৪১৭) ও ২ মে হাফিজুল হায়দারের নামে উত্তরার ঠিকানায় ৩৫ হাজার টাকা (মেমো নম্বর-ইপি-৬৯৪৪৭৫) পাঠাই। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই তাঁদের মুঠোফোন বন্ধ পাচ্ছি। আমার ছেলেকে সৈয়দপুর সেনানিবাসে ২২ আগস্টের মধ্যে যোগদান করতে বলা হয়েছিল। কিন্তু পরে সেখানে যোগাযোগ করে দেখি সবই ভুয়া; আমি প্রতারণার শিকার হয়েছি। আমরা এ ব্যাপারে দীঘিনালা সেনা জোনের কার্যালয়ে অভিযোগ দেব।’ সুজন দেওয়ান বলেন, ‘আমরা ১১ জনই প্রতারণার শিকার। এখন ওই চক্রের সদস্যদের একটি মুঠোফোনও চালু নেই। দেবাশীষ চাকমার বাড়ি রাঙামাটির বনরূপায় বলে জেনেছি। তাঁর মাধ্যমেই সবাই টাকা দিয়েছিলাম।’ প্রতারণার শিকার জিতায়ন চাকমা বলেন, ‘নিজের জাতি ভাই হিসেবে তাঁর কথা বিশ্বাস করেছিলাম। চাকরি পেতে আমি এক লাখ ২০ হাজার টাকা দিয়েছি। এখন বুঝতে পারছি আমরা সবাই প্রতারক চক্রের খপ্পরে পড়েছি।’ মেজর মামুন পরিচয় দেওয়া ব্যক্তি এবং হাফিজুল হায়দারের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া গেছে।সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সেনাবাহিনীতে লোক নিয়োগের যাবতীয় কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। পরীক্ষা ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হয় না। তাছাড়া এভাবে বাসায় নিয়োগপত্র পাঠানোর প্রশ্নই ওঠে না। তাই সেনাবাহিনীতে নিয়োগের নামে এ ধরণের প্রতারণা থেকে বাঁচতে সকলকে সজাগ থাকতে হবে।