সেনাবাহিনীতে নতুন কামান ও ক্ষেপণাস্ত্র

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন কামান, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও সরঞ্জামাদি যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন গ্রুপ চত্বরে সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য কেনা সেলফ প্রপেলড (এসপি) কামান সেনাবহিনীর একমাত্র এসপি ইউনিট আর্টিলারি কোরের ১১ এসপি রেজিমেন্টের কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী পদাতিক রেজিমেন্টের জন্য কেনা ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এন্টি ট্যাংক উইপন ও লাইট আর্মার্ড ভেহিক্যাল হস্তান্তর করেন। এ ছাড়া অনুষ্ঠানে আর্টিলারি রেজিমেন্টের লোকেটিং শাখার জন্য কেনা সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্টও হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ও পদাতিক রেজিমেন্টের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তাঁর সঙ্গে ছিলেন।
এ সময় মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনীর প্রধান, প্রতিরক্ষা অ্যাটাশে, বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনের উপদেষ্টা এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।