সেনাবাহিনীতে যুক্ত হলো এফএম-৯০ ক্ষেপণাস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল অন্য সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এফএম-৯০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য প্রত্যক্ষ করেন l ছবি: আইএসপিআর
সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল অন্য সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এফএম-৯০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য প্রত্যক্ষ করেন l ছবি: আইএসপিআর

দেশের আকাশসীমানা প্রতিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স শাখায় প্রথমবারের মতো সংযোজিত হয়েছে শক্তিশালী বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘এফএম-৯০’। ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি আকাশে ১৫ কিলোমিটার দূরবর্তী শত্রুবিমান, হেলিকপ্টার, ক্রস মিসাইল, অ্যান্টিরেডিয়েশন মিসাইলের বিরুদ্ধে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে সক্ষম।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে একটায় কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতের নিদানীয়া এলাকায় (বেওয়াচ প্রাঙ্গণ) ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের কয়েক মিনিট আগে আকাশে ওড়ানো হয় একটি ড্রোন। ওই ড্রোনটি ৩০ কিলোমিটার দূরত্বে গিয়ে ফেরার পথে সাড়ে ৯ কিলোমিটার দূরত্বে থাকাকালে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এবং সেখানেই ড্রোনটি ধ্বংস করা হয়। এর ৫ মিনিট পর আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এ সময় অবশ্য ড্রোন ওড়ানো হয়নি।
পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এয়ার ডিফেন্সের ‘অ্যাডহক শোরাড মিসাইল রেজিমেন্ট আর্টিলারি’ ইউনিট ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে।