খাগড়াছড়ির দীঘিনালা সড়কের আশপাশের দুর্গম এলাকার বাসিন্দাদের বিদ্যালয়-সমস্যার সমাধানে এগিয়ে এসেছে সেনাবাহিনী। গত ৭ আগস্ট প্রথম আলোয় এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এলাকাবাসী নয় মাইল এলাকায় একটি জুনিয়র স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে দীঘিনালা তেজস্বী বীর সেনা জোনের অর্থায়নে গত মঙ্গলবার বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ভবনের নির্মাণব্যয় সাড়ে ছয় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল নওরোজ এহসান। তিনি বলেন, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত না হলে ছেলেমেয়েরা যে যানবাহনে ঝুঁকি নিয়ে যাতায়াত করে, তা তাঁরা বুঝতে পারতেন না। এ সময় উপস্থিত ছিলেন মেজর রায়হান, দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিরুময় ত্রিপুরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্যব্রত ত্রিপুরা।