সেনাবাহিনীর আধুনিকায়নে সব কিছু করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর আধুনিকায়ন-প্রক্রিয়া অব্যাহত রাখতে যা যা প্রয়োজন, তা দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে মেজর জেনারেল ও তদূর্ধ্ব কর্মকর্তাদের এক সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এ আহ্বান জানান শেখ হাসিনা। খবর বাসসের।
‘জেনারেলস কনফারেন্স’-এ অংশ নিতে প্রধানমন্ত্রী গতকাল সেনা সদর দপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া। সম্মেলনে অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মইনুল হোসেইন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার আবু বেলাল মুহাম্মাদ সাইফুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আওয়াল ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আমার প্রত্যাশা ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনারা স্বীয় কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করবেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে বিশ্বাসী। সেই অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখেই আমরা সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে তোলার লক্ষ্যে সমরাস্ত্র কারখানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অত্যাধুনিক বিমানবিধ্বংসী মিসাইল এফএন-১৬ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, যা শিগগিরই বাস্তবে রূপ নেবে।
শেখ হাসিনা সরকারের তৃতীয় মেয়াদে সেনাবাহিনীর উন্নয়নে গৃহীত কার্যক্রম সম্পর্কে বলেন, ইতিমধ্যে রামুতে ১০ পদাতিক ডিভিশন এবং এর অধীন একটি আর্টিলারি ব্রিগেড, একটি পদাতিক ব্রিগেড, একটি আর্টিলারি ইউনিট এবং দুটি পদাতিক ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে সেনাবাহিনীর কার্যক্ষমতা, যুদ্ধের সামর্থ্য এবং সেনাসদস্যদের মনোবল বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া রাশিয়ান ফেডারেশনের ১ বিলিয়ন ডলার সামরিক ঋণ প্রটোকলের মাধ্যমে ছয়টি এমআই-১৭১ হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে। এর প্রথম চালান ২০১৬ সালের শেষ নাগাদ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে।
শেখ হাসিনা জানান, দুস্থদের আবাসনের জন্য সেনাবাহিনীর উদ্যোগে রংপুরে শান্তিনিবাস (ওল্ড হোম) প্রতিষ্ঠা করা হয়েছে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য জলসিঁড়ি আবাসন প্রকল্পের কাজও উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে ৬ হাজার ৬৫টি প্লট হস্তান্তর করা হয়েছে। পিলখানার বিডিআর বিদ্রোহে শহীদ অফিসারদের পরিবারের প্রত্যেককে জলসিঁড়ি আবাসন প্রকল্পে একটি করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৮টি শহীদ পরিবারকে বিভিন্ন ডিওএইচএস-এ আরও একটি করে প্লট এবং ১০টি পরিবারকে মিরপুর ডিওএইচএস-এ দুটি করে ফ্ল্যাট দেওয়া হবে।