সেনাবাহিনীর আরও তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর আরও তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেনা সূত্র জানায়, প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের মহাপরিচালক (ডিজিডিপি) মেজর জেনারেল মাসুদ রাজ্জাককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে ন্যাশনাল ডিফেন্স কলেজের জ্যেষ্ঠ প্রশিক্ষক (এসডিএস) করা হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদকে প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাষ্ট্রপতির সামরিক সচিব, ঢাকা সেনানিবাসের ৪৬ ব্রিগেডের কমান্ডারসহ বাংলাদেশ সেনাবাহিনীর ১৫টি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়। এর দুই দিনের মাথায় রদবদলের ঘটনা ঘটল।
এদিকে বাংলাদেশ বিমানবাহিনীতে দুই কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন। তাঁরা হলেন বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এম নাঈম হাসান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিভ স্টাফ এম সানাউল হক।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।