সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশুর চিকিৎসা
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শীতকালীন প্রশিক্ষণে এসে সেনাবাহিনীর সদস্যরা সহস্রাধিক কৃষকের গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনা মূল্যে চিকিৎসা দিয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনের মাঠে সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জিওসির উদ্যোগে সেবা দেওয়া হয়।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আরভি অ্যান্ড এফ ডিপোর অধিনায়ক কর্নেল বি এম আবদুল হান্নান। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মো. হারুন আল রশীদ ও মো. তুহিন হাসান, মেজর এ কে এম গোলাম মোস্তফা ও মো. আনোয়ার হোসেন, ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান চৌধুরী ও ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
কর্নেল বি এম আবদুল হান্নান বলেন, গরু মোটাতাজাকরণ, ঘাস চাষ, গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপশুর বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। ভেটেরিনারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক সেনাসদস্য এই চিকিৎসাক্যাম্প পরিচালনা করেন। স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন।