খাগড়াছড়ির মহালছড়ির দূর্গম তবলছড়ি গ্রামে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে তবলছড়ি ক্যায়াংঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মহালছড়ি সেনা জোনের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মো. আব্দুল্লাহ জুনায়েদ ও নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, হেডম্যান রতন বিকাশ চাকমা, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন ও মুক্তিযোদ্ধা মোবারক আলী প্রমুখ।
ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগের ফলে এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারগুলো বিনা মূল্যে চিকিৎসাসেবা পেল। গতকাল চিকিৎসাসেবা দেন মহালছড়ি জোনের চিকিৎসক ক্যাপ্টেন নাহিদ নেওয়াজ ও খাগড়াছড়ি রিজিয়নের চিকিৎসক ক্যাপ্টেন মো. শামীমুজ্জামান।