সেনাবাহিনীর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ
সেনাবাহিনীর ২৪ বীর নানিয়ারচর জোনের উদ্যোগে তিন দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় রাঙামাটির আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা ও শান্তিপূর্ণ জীবনযাপনে জনগণকে সহায়তা দিতে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে অবস্থান করছে।গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নানিয়ারচর জোন মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে গত সোমবার সেনাবাহিনীর নানিয়াচর জোনে শুরু হয় বিনা মূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি। এতে সহায়তা করছে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, লায়ন্স ক্লাব অব খুলশী চট্টগ্রাম, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) ও প্রাইম ব্যাংক লিমিটেড।এ সময় আরও বক্তব্য দেন নানিয়ারচর জোনের অধিনায়ক লে. কর্নেল খালেদ কামাল খান, নানিয়াচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রীতি কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহাবুবুল আলম, প্রাইম ব্যাংকের পরিচালক নাদের খান, সাউদার্ন মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম প্রমুখ। সেনাবাহিনীর ২৪ বীর নানিয়ারচর জোনের স্টাফ কর্মকর্তা মেজর এস এম তানভীর রায়হান জানান, চিকিৎসা শিবিরে দেড় হাজার ব্যক্তিকে সাধারণ চিকিৎসা, এক হাজার ১০০ ব্যক্তিকে চক্ষু চিকিৎসা এবং ঠোঁট ও তালুকাটা সাতজন রোগীকে অপারেশন করা হয়েছে। এর বাইরে গরিবদের মধ্যে ২০০টি কম্বল, ৭৫০টি শীতবস্ত্র, একটি সাবমারসিবল পাম্প মেশিন ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।