সরকারের তৃতীয় মেয়াদেও সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে সেনাবাহিনীকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। গতকাল রোববার সকালে ঢাকা সেনানিবাসে বছরের প্রথম জেনারেলস কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে তিন এসব কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সকালে সেনাসদর অফিসার্স মেসে এসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। কনফারেন্সে সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে শুরু করে ও জেনারেল পদের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এসব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি এনে দিয়েছিল। জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জুনিয়র অফিসারদের সামনে সিনিয়র অফিসারদের তাঁদের নৈতিকতা, সততা ও কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেদের উপস্থাপন করতে হবে।’ তিনি বলেন, ফোর্সেস গোলের ধারাবাহিকতায় সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন এবং একই ডিভিশনের অধীনে একটি পদাতিক ব্রিগেড ও দুটি নতুন পদাতিক ব্যাটালিয়ন গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মিরপুর সেনানিবাসে একটি এয়ার ডিফেন্স রেজিমেন্ট, চট্টগ্রাম সেনানিবাসে একটি মিলিটারি ফার্ম, খোলাহাটি সেনানিবাসে একটি এসএসডি এবং সাভার ও বগুড়া সেনানিবাসে দুটি অ্যাডহক মেকানাইজড ব্রিগেড গঠন করা হয়েছে। এ ছাড়া অ্যাডহক ভিত্তিতে সিলেটে একটি এরিয়া সদর দপ্তর, একটি ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, একটি এমপি ইউনিট ও একটি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছে।
সেনাবাহিনীর চারটি ফরমেশনে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আদলে চারটি মেডিকেল কলেজ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে। সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ইউনিটের বৈমানিকদের উড্ডয়ন বেতন বৃদ্ধি করা হয়েছে।
দেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর সদস্যদের অবদানের কথা উল্ল্লেখ করে তিনি বলেন, ফ্লাইওভার (উড়ালসেতু), সেতু, সড়ক ও জনপথ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।