সেনাবাহিনীর কম্বল বিতরণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা

রাজশাহীতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে গতকাল মঙ্গলবার দুস্থ মানুষদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশন বরেন্দ্র ভূমির গহিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের গ্রামবাবুডাইংয়ে গতকাল বাবুডাইংসহ পার্শ্ববর্তী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি গ্রামগুলোর গরিব মানুষের মাঝে ৪০০ কম্বলসহ ৭৫০টি শীতবস্ত্র বিতরণ করে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহিল বাকী। এ সময় উপস্থিত ছিলেন কর্নেল (অ্যাডমিন) সালাউদ্দীন খালেদ, লে. কর্নেল জি এম মনিরুল ইসলাম, লে. কর্নেল আনোয়ারুল হক প্রমুখ।
এদিকে শীতকালীন মহড়ার অংশ হিসেবে একই পদাতিক ডিভিশন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। গত শনিবার থেকে শুরু হয়ে আজ বুধবার উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসাশিবিরের কাজ শেষ হবে। এ পর্যন্ত এই ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি গ্রামগুলোসহ দূর-দূরান্ত থেকে আসা সাত হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।