সশস্ত্র এমএনডিপির আত্মসমর্পণ

পার্বত্য নৃ-গোষ্ঠী মুরং সম্প্রদায়ের সশস্ত্র দল ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির (এমএনডিপি) সদস্যরা আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। বেলা একটার দিকে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন।
এমএনডিপি সদস্যদের আত্মসমর্পণ উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা বাজারে মাতামুহুরি নদীর তীরে ‘সম্প্রীতির মুরং সম্মেলন এবং মুরংদের সামাজিকভাবে একত্রীকরণ’ অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনীর আলীকদম জোন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উ শৈ সিং।
বক্তব্য দেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সফিকুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, বান্দরবান জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ম্রো সোশ্যাল কাউন্সিলের চেয়ারম্যান রাংলাই ম্রো ও ভাইস চেয়ারম্যান খামলাই ম্রো। আর এমএনডিপির পক্ষে বক্তব্য দেন কমান্ডার মেনরুম ম্রো।
আত্মসমর্পণকারী এমএনডিপি সদস্যদের পুষ্পবৃষ্টি ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রাথমিকভাবে সব সদস্যকে নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়। গতকাল বুধবার এমএনডিপির ৭৯ জন সদস্য সেনাবাহিনীর আলীকদম জোনে ৫৫টি দেশীয় অস্ত্র জমা দেন।
২০০৯ সালে দলটি গঠন হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।
মেজর জেনারেল মো. সফিকুর রহমান সাংবাদিকদের বলেন, এমএনডিপির সদস্যরা ৫৫টি দেশীয় অস্ত্র, বেশ কিছু গোলাবারুদ ও ব্যবহৃত কয়েকটি ইউনিফর্ম জমা দিয়েছেন। অস্ত্রগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে লিখিতভাবে ১১ দফা দাবি জানান এমএনডিপির কমান্ডার মেনরুম ম্রো। এর মধ্যে রয়েছে এমএনডিপির বিভিন্ন কর্মকাণ্ডের জন্য যে সব মামলা করা হয়েছে, তা শিগগির প্রত্যাহার করতে হবে; মামলার বাদী ও বিবাদীদের মধ্যে কার্যকর সমঝোতার ব্যবস্থা গ্রহণ; স্বাভাবিক জীবনে ফিরে আসা সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা ও ম্রোদের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা; ভূমিহীন ম্রো পরিবারকে দুই একর জমি বন্দোবস্ত দেওয়া, ম্রো জনগোষ্ঠীর জন্য সর্বজনীন শিক্ষা নিশ্চিত করা; কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের স্বতন্ত্র বজায় রাখার জন্য উদ্যোগ।
প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উ শৈ সিং বলেন, প্রত্যেক পরিবারে মান-অভিমান থাকে। ভুল-বোঝাবুঝি থাকে। এমএনডিপির সদস্যদের কেউ উসকানি দিয়ে ভুল বুঝিয়েছে। তাঁদের বিভ্রান্ত করেছে। এতে তাঁরা জীবন থেকে সাত বছর নষ্ট করেছেন।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এমএনডিপি সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার ফলে এই এলাকায় যে অস্বস্তিকর পরিবেশ ছিল, তা আজ থেকে থাকবে না। এখন সীমান্ত পর্যন্ত পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই কৃষিজ পণ্য আনা-নেওয়া করতে পারবেন।