
শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বিতাড়িত করতে ২০০৭ সালে সেনাবাহিনী যে ব্যর্থ চেষ্টা করেছিল, এবার এর পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা নেই। গতকাল শুক্রবার প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি মূল পত্রিকায় আজ শনিবার প্রকাশিত হবে।
বিএনপির নেতৃত্বাধীন প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘আরেকটি পরাজয়’ বলে উল্লেখ করে পত্রিকাটি আরও বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দারুণ অভিনেত্রী, না কি রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, তা বোঝা কঠিন হয়ে উঠছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে ‘অত্যন্ত নিষ্ঠুর দুই বেগম’ শেখ হাসিনা ও খালেদা জিয়াকে একসঙ্গে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চেষ্টা হয়েছিল, সে রকম নিষ্ফল চেষ্টার সম্ভাবনা নেই এবার সেনাবাহিনীর। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে আকর্ষণীয় চাকরি, রাশিয়ান অস্ত্র আর চীনা সাবমেরিনের প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা বেশ সুবিধা নিচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি আগামী মাসগুলোতেও সশস্ত্র বাহিনীকে ঘাঁটিতে রাখতে পারবেন।
পত্রিকাটি দাবি করে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার পরিকল্পনা করছেন। নির্বাচনের পরের দিন ৬ জানুয়ারি রাজধানী ঢাকায় শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন। তিনি এ সময় নির্বাচন বর্জন করে বিরোধী দল ভুল করেছে বলেও তাদের তিরস্কার করেন। নির্বাচনে তাঁর জয়ের বৈধতা নিয়ে সংশয়ের বিষয় তিনি উড়িয়ে দেন।
বাংলাদেশের গণতন্ত্রে পচন ধরেছে মন্তব্য করে এতে বলা হয়, নয় কোটি ২০ লাখ সম্ভাব্য ভোটারের মধ্যে খুব কমসংখ্যকই ভোট দিয়েছেন। সরকার বলছে, ৪০ শতাংশ ভোট পড়েছে। তবে অন্যরা মনে করেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক কম। এ ফলাফল ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা শেখ হাসিনার আওয়ামী লীগকে দ্বিতীয় মেয়াদের বৈধতা দেবে না।
প্রতিবেদনটি বলছে, ‘বহু ভোটকেন্দ্রে তেমন কোনো ভোটারই দেখা যায়নি। কিন্তু দিনের শেষে দেখা যায়, সন্দেহজনকভাবে বিপুলসংখ্যক ভোট পড়েছে। ৩০০ আসনের মধ্যে অর্ধেকেরও বেশি ১৫৩টি আসনে কোনো নির্বাচনই হয়নি। এসব আসনে শুধু আওয়ামী লীগ ও তার মিত্ররাই জয়ী হয়েছে। রাজধানীর ২০টি আসনের মধ্যে ভোট গ্রহণ করা হয়েছে মাত্র নয়টিতে। নির্বাচনের পর গ্রামাঞ্চলে সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের মানুষের ওপর জামায়াত-সমর্থক ‘সন্ত্রাসীরা’ হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই অস্থির পরিস্থিতির জন্য আওয়ামী লীগও দায়ী।
বাংলাদেশের এমন পরিস্থিতিতে বিদেশি শক্তিগুলো নতুন করে আরেকটি নির্বাচনের জন্য চাপ দেবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তা তেমন জোরালো হবে না। পশ্চিমা দেশগুলো নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগেই অস্বীকৃতি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অন্য দেশগুলোর কেউই এখনো শেখ হাসিনা জয়ী হয়েছেন বা তাঁর সরকার অবৈধ—এ রকম কিছুই বলেনি।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা হয়তো এ অবস্থায় মনে করতে পারেন, তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন। যদি দেখা যায়, তিনি খালেদা জিয়াকে আলোচনার প্রস্তাব দিতে যাচ্ছেন, সেটা হয়তো সময় পার করার জন্য। অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচনের জন্য সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার ও পুনর্গঠিত নির্বাচন কমিশনসহ বিভিন্ন আনুষ্ঠানিক প্রস্তাব আসতে পারে। কিন্তু এসব প্রস্তাবে সমঝোতা হওয়ার জন্য আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে বা কখনো সমঝোতা না-ও হতে পারে। ইতিমধ্যে অবশ্য সরকার জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিএনপিকে কঠিন চাপ দিতে শুরু করবে।
পত্রিকাটির মতে, বিতর্কিত নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন আরেকটি নির্বাচন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ বিরোধী দল করতে পারবে কি না, সেটাই দেখার বিষয়।