সেনাবাহিনীর গাড়ি খাদে, আহত ৭
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আজ বুধবার সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সাত সেনাসদস্য আহত হন।
এই সাতজন হলেন ল্যান্স কর্পোরাল তাপস চন্দ্র দাস এবং সৈনিক সুমন, জলিল, বাহাউদ্দিন, হাবিবুর, সাইফুল ও হাফিজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকা সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি ট্রাকে করে যশোর সেনানিবাসে যাচ্ছিলেন আট সেনাসদস্য। বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই সাত সেনাসদস্য আহত হন। তাঁদের মধ্যে সেনাসদস্য হাবিবুরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। এ ছাড়া হাফিজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং পাঁচজন সেনাসদস্যকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল হাসান বলেন, হাসপাতালে ভর্তি আহত সেনাসদস্যদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নান্নু বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।