জনসংখ্যার তুলনায় দেশে জমি খুব অল্প। সেনাবাহিনীর জন্য বেশি জমি অধিগ্রহণ করা হলে কৃষিজমি ও বসতভিটার সংকট হবে। অন্য দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে না, তাই দেশে এত বেশি সেনানিবাসের দরকার নেই। সেনাবাহিনীর এত বেশি জমি অধিগ্রহণ করা সমীচীন হবে না। তবে দেশ ও জনগণের সুরক্ষায় সেনাবাহিনীর সম্প্রসারণের প্রয়োজনীয়তাও অস্বীকার করা যাবে না।
গত শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আমবাগানে বিবিসি বাংলাদেশ সংলাপের ৯১তম পর্বে এসব কথা বলেন প্যানেল সদস্যরা।
সেনাবাহিনীর জন্য নতুন নতুন স্থাপনা তৈরিতে জমি অধিগ্রহণ করার ফলে সাধারণ মানুষ জমি হারাচ্ছে বলে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়েছে কয়েকটি নাগরিক সংগঠন, আপনারা কি এই দাবির সঙ্গে একমত? এমন প্রশ্নের জবাবে প্যানেল সদস্যরা ওই মতামত দেন।
সংলাপে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নারী সাংসদ সৈয়দা আসিফা আশরাফী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন এবং চাঁপাইনবাবগঞ্জের হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ এমরান হোসেন।
সংলাপে রবীন্দ্রনাথ সরেন বলেন, সেনাবাহিনীর জমি অধিগ্রহণের ফলে আদিবাসীরাই বেশি জমি হারাচ্ছে। আদিবাসীদের জমি ভূমিদস্যুরা যেমন দখল করছে তেমনি দখল করছে সরকার। এতে আদিবাসীরা দেশান্তরি হচ্ছে, স্থানচ্যুত হচ্ছে।
সৈয়দা আসিফা আশরাফী বলেন, সেনাবাহিনীর সমর্থন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এবং এখন পর্যন্ত তাদের সমর্থন নিয়েই টিকে আছে। তাই তাদের খুশি করতেই সরকার জমি দিচ্ছে।
গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, সেনাবাহিনীর প্রয়োজনে জমি অধিগ্রহণ করলে আপত্তি নেই। সরকার বিবেচনা করবে তাদের কতটুকু জমি দরকার।
ছাত্রলীগ কর্মীদের সরকারি চাকরি পাইয়ে দিতে সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রসঙ্গে গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, বিষয়টি খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। ছাত্রলীগ কর্মীদের লেখাপড়ায় উৎসাহ দিতেই তিনি এ কথা বলেছেন। তিনি বাড়িয়ে ও অতি উৎসাহী হয়ে এ কথা বলেছেন।
কিন্তু গোলাম মোস্তফা বিশ্বাসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে নিজেদের হতাশার কথা জানান অন্য প্যানেল সদস্যরা। এমনকি দর্শকেরাও। এ প্রসঙ্গে একজন দর্শক বলেন, যে দল যখন ক্ষমতায় থাকে সে দলের লোকজনকেই চাকরি দেয়। প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে।
বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে উপস্থাপনা করেন আকবর হোসেন।