সেনাবাহিনীর টহল কার্যক্রম পুনর্বিন্যাস হবে: সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালামোড় এলাকায়
ছবি: প্রথম আলো

দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার টাঙ্গাইলে অপারেশন কোভিড শিল্ডের (পর্ব-২) আওতায় সেনাবাহিনী পরিচালিত টহল কার্যক্রম পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।
সেনাবাহিনীর প্রধান আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি অবলোকন করে সরকার আপাতত বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। সেনাবাহিনীর টহল কার্যক্রমও সেভাবে পুনর্বিন্যাস করা হবে।

সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করতে এসে এস এম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালামোড় এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক প্রমুখ।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, অসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিসহ সবার সঙ্গে মিলে সেনাবাহিনী এবার অত্যন্ত ভালোভাবে কাজ করেছে। সমন্বিত প্রচেষ্টার ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইলে সেনাবাহিনী টহল কার্যক্রম পরিদর্শনকালে সেনাপ্রধান কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

সেনাপ্রধান চলমান করোনা মহামারির কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে সবাইকে সরকারপ্রদত্ত বিধিনিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেনাবাহিনী করোনা মহামারিসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকারের দিকনির্দেশনায় অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনসাধারণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

করোনার সংক্রমণ রোধে অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে গত ১ জুলাই থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ পরিপ্রেক্ষিতে ১৯ পদাতিক ডিভিশনের আওতাধীন জেলাগুলোয় মোতায়েন করা সেনাসদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন। পাশাপাশি সেনাবাহিনী করোনা কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ী চিকিৎসাশিবির স্থাপনের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সহায়তা দিচ্ছে।