সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়
সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে জোয়ারাধার

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিল কপালিয়ায় জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) করা হচ্ছে৷ গত সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।ভবদহ ও সংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের পরিচালক এবং পাউবো, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যশোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ সার্কেল) দীপক কুমার সরকার বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর বিল কপালিয়ায় জোয়ারাধার চালুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়েছি। সেনাবাহিনীকে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করছি, এক মাসের মধ্যে জোয়ারাধারের অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা যাবে।’এ বিষয়ে গত ২৭ এপ্রিল ‘আবারও দুঃখ হবে ভবদহ!’ শিরোনামে প্রথম অলোয় প্রতিবেদন ছাপা হয়।
এদিকে ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি বিল কপালিয়ায় জোয়ারাধার বাতিলের দাবিতে গত বুধবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এতে কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম সরদার বলেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে বিল কপালিয়ায় অপরিকল্পিত টিআরএম বাতিল করে ভবদহ ও ঢাকুরিয়া জলকপাট (স্লুইসগেট) উচ্ছেদ করে সব বিলে অবাধ জোয়ারভাটা সৃষ্টি, শ্রী ও হরি নদীর পানিপ্রবাহের প্রতিবন্ধকতা উচ্ছেদ এবং নদ-নদী খনন করতে হবে। তিনি আরও বলেন, ‘অলোচনা ছাড়াই আমাদের জমিতে জোর করে টিআরএম হবে এটা ঠিক নয়। আমরা সেনাবাহিনীর সামনে আমাদের যৌক্তিক দাবি তুলে ধরব।’ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে টিআরএমের কোনো বিকল্প নেই। কিন্তু বিল কপালিয়ায় ক্ষতিপূরণ দিতে কৃষকদের সঙ্গে টালবাহানা করছে প্রশাসন ও পাউবো৷ এ সুযোগ কাজে লাগাচ্ছে বিলের কতিপয় মাছের ঘেরমালিক এবং অর্পিত ও খাসজমির দখলদারেরা। তাঁরা কৃষকদের টিআরএমের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। তাই কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সহজ শর্তে ক্ষতিপূরণ দিয়ে বিলটিতে টিআরএম বাস্তবায়ন করতে হবে।পাউবোর সূত্র জানায়, ২০১২ সালের শুরুর দিকে জোয়ারাধার চালুর প্রক্রিয়া শুরু করে পাউবো। ওই বছরের ৫ মে পুলিশ পাহায়ায় যশোর-৬ আসনের তৎকালীন সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব এবং যশোর-৫ আসনের সাংসদ খান টিপু সুলতান বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।একই বছরের ২ জুন বিল কপালিয়ায় জোয়ারাধার নির্মাণের অংশ হিসেবে পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ তৈরি করতে গেলে এলাকাবাসীদের হামলায় কমপক্ষে ২৬ জন আহত হন। এ সময় পাউবোর তিনটি জিপ, তিনটি মোটরসাইকেল এবং তিনটি নছিমন (ইঞ্জিনচালিত যান) পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। এ ঘটনায় চার-পাঁচ হাজার জনকে আসামি করে অভয়নগর ও মনিরামপুর থানায় পৃথক মামলা হয়।