কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়ার প্রায় ১৮ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে কক্সবাজারের কুতুবদিয়া সমিতি।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সমিতির সভাপতি আ ন ম শহীদ উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে সমিতির সহসভাপতি ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আকতার কামাল, আশরাফুল হুদা সিদ্দিকী, সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার, উপদেষ্টা আবু তাহের চৌধুরী, ইফতেখার উদ্দিন কুতুবি প্রমুখ উপস্থিত ছিলেন।
আ ন ম শহীদ উদ্দিন তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও জোয়ারের তোড়ে উপজেলার প্রায় ৪১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে অন্তত ১৮ কিলোমিটার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। আংশিকভাবে ভেঙে গেছে আরও ১২ কিলোমিটার বাঁধ। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে এখন প্লাবিত হচ্ছে ৪০ হাজারের বেশি মানুষের ঘরবাড়ি। এর আগে ঘূর্ণিঝড়েই বিলীন হয়েছে ১১ হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১১৫টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ১৪৫ কিলোমিটার পাকা ও কাঁচা রাস্তা। মরে গেছে ৪০ হাজার হাঁস-মুরগি। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকজন ত্রাণসামগ্রী পাননি। অর্ধ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
সমিতির সভাপতি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রমজানের মধ্যে ভাঙা বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়ে বলেন, নইলে জুন-জুলাইয়ে উত্তাল সাগরের জোয়ারে আরও ঘরবাড়ি বিলীন হবে।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদার বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে বেড়িবাঁধের কাজ হলে ঠিকাদার দুর্নীতির সুযোগ পান। অতীতে এর নজির আছে। তাই দুর্নীতি ঠেকাতে আমরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে উপকূলে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।’
এ ছাড়া সংবাদ সম্মেলনে কুতুবদিয়াকে দুর্গত এলাকা ঘোষণাসহ দ্রুত সাত দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ, ক্ষতিগ্রস্ত জেলে, লবণচাষি ও কৃষকদের বিনা সুদে ঋণ, ভাঙা রাস্তার সংস্কার করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কুতুবদিয়ায় স্থায়ী পাথরের বেড়িবাঁধ নির্মাণের জন্য আগামী জাতীয় বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা।
সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে উপজেলার প্রায় ২০০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর মধ্যে রয়েছে ৫০০ একরের শস্যখেত ও ছোট-বড় শতাধিক মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা।