সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম বলেছেন, সেনাবাহিনীর বিচক্ষণতা ও দক্ষতার কারণেই কতিপয় উচ্ছৃঙ্খল সেনাসদস্যের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কে এম সফিউল্লাহ এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।সাবেক সেনাপ্রধান আরও বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল চক্রান্ত করছে। দেশ স্বাধীন না হলে মুক্তিযোদ্ধাদের বিনা বিচারে ফাঁসি দেওয়া হতো। অথচ দেশ স্বাধীন হওয়ার ৪০ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা যায়নি। এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। অন্যথায় বৃহত্তর গণ-আন্দোলনের সূচনা করা হবে।্র্ররূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মোতালিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন হাবিবুর রহমান, আওয়ামী লীগের নেতা মশিহুর রহমান, এনামুল হক ভূঁইয়া, মফিজ আহম্মেদ, আজমত আলী, আবদুল আজিজ, মশিউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তাবিবুল কাদির, কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।