সেনাবাহিনীর ভাবমূর্তিতে কালিমা লেপন করতে চাইছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ভাবমূর্তিতে কালিমা লেপন করতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনে ভোট চুরি করার জন্য সেনা মোতায়েন করতে চেয়েছিলেন বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত ক্ষতিকর।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতন্ত্র, স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৭ নভেম্বরের চেতনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ এ মন্তব্য করেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে ছাত্রদল ফোরাম। শামসুজ্জামানের সভাপতিত্বে ছাত্রদলের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন নেতা গোলটেবিলে বক্তৃতা করেন।এর আগে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়া চেয়েছিলেন, সেনাবাহিনী যেন ভোট চুরি করে তাঁদের জিতিয়ে দেয়। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সেনাবাহিনীকে কেন ভোট চুরির কাজে ব্যবহার করতে চান? নারায়ণগঞ্জে কী এমন ঘটনা ঘটেছে যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে? সেনাবাহিনী নামলেই কি ওনার প্রার্থীকে চুরি করে জিতিয়ে দিতেন?’প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে খন্দকার মোশাররফ বলেন, সেনাবাহিনী অনেক নির্বাচনে দায়িত্ব পালন করেছে। কখনো ভোট চুরি করেনি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর যে সুনাম রয়েছে প্রধানমন্ত্রী তা ক্ষুণ্ন করেছেন।খন্দকার মোশাররফ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে খালেদা জিয়া সেনা মোতায়েনের দাবি করেননি। প্রার্থীদের দাবির ভিত্তিতে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল। তার পরও কেন সেনা মোতায়েন করা হয়নি, এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য না দিয়ে অবান্তর কথা বলছেন। নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের হত্যাকাণ্ডকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফল হিসেবে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, এ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে কোনো রকম মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা হয়েছে। সরকার উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।