রাজনীতিবিদদেরই সিদ্ধান্ত নিতে হবে, দেশে সামরিক বাহিনীর ভূমিকা কী হবে। সরকারের অন্য সংস্থাগুলোর মতো সেনা, নৌ ও বিমানবাহিনীও সরকারি সংস্থা। রাজনীতিবিদেরাই এসব সংস্থার নেতৃত্বে থাকবেন।গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘বেসামরিক-সামরিক সম্পর্ক’ (সিভিল-মিলিটারি রিলেশন) বিষয়ে আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। এনডিসি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর সভায় সূচনা বক্তব্য দেন। এতে ছয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন সাংসদ, সাবেক রাষ্ট্রদূত, সাংবাদিক, উচ্চপদস্থ সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তা ও বিআইআইএসএসের গবেষকেরা। এনডিসির কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশি সামরিক, বেসামরিক কর্মকর্তাসহ একাধিক বিদেশি সামরিক কর্মকর্তাও এতে উপস্থিত ছিলেন।সুসম্পর্কে বাধা: এনডিসির কোর্স সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান তাঁর প্রবন্ধে বলেন, ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত সময়ে সামরিক সরকারগুলো জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়েছে। ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত সময়ে গণতন্ত্রের উপস্থিতিতে সামরিক-বেসামরিক সম্পর্কের অনেক উন্নতি হয়। এ সময়ে রাজনৈতিক পরিস্থিতি একাধিকবার সংঘাতময় হয়ে উঠলেও সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে।সামরিকীকরণ: এনডিসির কোর্স সদস্য ও যুগ্ম সচিব এফ এম এনামুল হক তাঁর প্রবন্ধে বলেন, ৭৫-পরবর্তী সময়ে সামরিক শাসন সেনাবাহিনী সম্বন্ধে মানুষের মনে অপছন্দের বীজ রোপণ করে। এ সময়ে (১৯৯০ পর্যন্ত) মানুষ রাজনীতির সামরিকীকরণ দেখেছে। তখন সামরিক সংস্থাগুলো অস্বাভাবিকভাবে ক্ষমতাবান হচ্ছিল। অন্যদিকে দেশের বেসামরিক প্রশাসন দুর্বল হয়ে পড়ছিল। এতে সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়।সামরিক নেতৃত্বে রাজনীতি: এসব প্রবন্ধের ওপর মুক্ত আলোচনাপর্বে বেশির ভাগ বক্তাই বলেন, আমলা বা বেসামরিক সরকারি কর্মকর্তাদের মতো সামরিক কর্মকর্তারাও দেশের সেবায় নিয়োজিত থাকবেন। রাজনীতিবিদেরাই ঠিক করবেন, দেশে আদৌ কোনো সামরিক বাহিনীর প্রয়োজন আছে কি না।ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, জনগণের টাকায় সামরিক বাহিনীর ব্যয় নির্বাহ হয়। তাই এর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করতে হবে।সেনাবাহিনীর আয়-ব্যয় প্রসঙ্গে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল মইনুল ইসলাম বলেন, একটি মন্ত্রণালয়ের আয়-ব্যয়ের ক্ষেত্রে যে নিয়ম মানা হয়, সামরিক বাহিনীর ক্ষেত্রেও তা মানা হয়। এর আয়-ব্যয় অত্যন্ত স্বচ্ছ।একই বিষয়ে সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদ বলেন, সামরিক বাহিনী যদি স্বচ্ছ না হয়, তাহলে এই বাহিনী নিয়ে নানা রকম কল্পনাপ্রসূত ধারণা তৈরি হবে। সেই সব ধারণা থেকে গুজবের ডালপালা মেলবে।সমাপনী বক্তব্যে বিআইআইএসএসের চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েস বলেন, সামরিক বাহিনী সরকারের সংস্থা, সরকারের হুকুম ছাড়া সেনাবাহিনী এক পা-ও ফেলতে পারে না। তিনি বলেন, আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে (আইএসপিআর) আরও শক্তিশালী করতে হবে।