পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি সেনাবাহিনীর সহযোগিতায় আইলাবিধ্বস্ত সাতক্ষীরার গাবুরা, পদ্মপুকুর ও প্রতাপনগর এলাকার বাঁধ দ্রুত নির্মাণ করা হবে। মানুষ যাতে বর্ষা মৌসুমের আগেই ঘরে ফিরতে পারে, সে রকম উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁধ বাঁধা শেষ হলেই ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে টিন ও ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।আইলাবিধ্বস্ত সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় গত মঙ্গলবার খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এসব কথা বলেন।আবদুর রাজ্জাক বলেন, বাঁধ নির্মাণে যাদের গাফিলতি রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো কারণে বর্ষা মৌসুমের আগে বাঁধ মেরামত করা সম্ভব না হলে গাবুরা, পদ্মপুকুর ও প্রতাপনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করা হবে।এ সময় মন্ত্রীর সঙ্গে সাংসদ এইচ এম গোলাম রেজা, জেলা প্রশাসক আবদুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক সাংসদ মুনসুর আহমেদ, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাববীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।