বাংলাদেশ সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংসদকাজে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকীর প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল-২০৩০’ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। মোট চারটি ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রতিটি ব্যাটালিয়নে উল্লেখযোগ্যসংখ্যক সাঁজোয়া যান, সৈন্য পরিবহনকারী যান, আধুনিক ট্যাংকবিধ্বংসী সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং কমব্যাট ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সংযুক্ত করা হবে। অন্যদিকে পুনর্বিন্যস্ত জনবল দিয়ে নতুন নতুন গোলন্দাজ ও বিমান প্রতিরক্ষা ইউনিট, নৌ-ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, অর্ডন্যান্স ব্যাটালিয়ন ও ফিল্ড হাসপাতাল সংযোজন করা হবে।মন্ত্রী জানান, ২০১৩ সালের মধ্যে সেনাবাহিনীতে দুটি নতুন আর্মি কমান্ড, একটি পদাতিক ডিভিশন এবং প্রয়োজনীয় সব ব্রিগেড ও ইউনিট, দুটি বিমান প্রতিরক্ষা ব্রিগেড, দুটি যান্ত্রিক ব্রিগেড, একাধিক সাঁজোয়া, গোলন্দাজ ও ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন এবং প্রয়োজনীয় সহায়ক ইউনিট সংযোজন করা হবে।সংসদে অনুপস্থিত বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে এ কে খন্দকার জানান, সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র ও সরঞ্জাম কিনতে রাশিয়া ২০১৭ সালের মধ্যে অনধিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। এ জন্য বছরে সাড়ে চার শতাংশ হারে সুদ দিতে হবে। ঋণের টাকা পরিশোধ করতে হবে ২০১৮ সাল থেকে। বছরে দুটি সমান কিস্তিতে ১০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।আশরাফ উদ্দিনের অপর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী ফারুক খান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত অর্থবছরে (২০১১-১২) ৬০৫ কোটি ৯৫ লাখ টাকা লোকসান দিয়েছে।বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম জানান, সারা দেশের এক লাখ ১৭ হাজার ৬৩২ একর খাসজমি বেদখল অবস্থায় রয়েছে। বেদখল হওয়া জমির মধ্যে ৭২ হাজার ৩৬৭ একর কৃষি খাসজমি এবং ৪৫ হাজার ২৬৫ একর অকৃষি জমি।বেনজীর আহমদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সরকারের নেতৃত্বে মুক্তিবাহিনী, মুক্তিফৌজ ও মুজিব বাহিনী অংশ নেয়। তবে কোন বাহিনীতে কত সদস্য ছিলেন, সে পরিসংখ্যান সরকারের কাছে নেই।