সেনাশাসন সব সময় গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে। এটি মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে। গত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেনাশাসনের আরেক নাম, যা দেশ ও গণতন্ত্রের জন্য মঙ্গলজনক ছিল না। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। সভায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করে বলেন, এই চক্রই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। তিনি ২০০৭ সালের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, তবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বার্থেই দোষীদের শাস্তি হওয়া প্রয়োজন।’ সভায় অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।