ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত শুক্রবার দুটি চোরাই মোটরসাইকেলসহ এক সেনাসদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও দুই সেনাসদস্যসহ চারজনের বিরুদ্ধে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।আটক হওয়া সেনাসদস্যের নাম কে এম মাসুদ হাসান (২৪)। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা গ্রামে। মাসুদসহ আরও যে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁরা হলেন উপজেলার ছোলনা গ্রামের সেনাসদস্য রিয়াজুল হক ও মাগুরার মো. মাসুদ এবং একই জেলার বাসিন্দা বিপ্লব বিশ্বাস। ওই তিন সেনাসদস্য যশোর সেনানিবাসে কর্মরত আছেন। মাসুদ হাসানকে ওই সেনানিবাসের মিলিটারি পুলিশের (এমপি) কাছে গতকাল শনিবার ভোররাতে হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রিয়াজুল হক গত বছরের ১১ আগস্ট বাজাজ ব্র্যান্ডের একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল উপজেলার মহিশালা গ্রামের বিপ্লব বিশ্বাসের কাছে হস্তান্তর করেন। বিপ্লব সেটি ২৩ অক্টোবর বিলসরাইল গ্রামের সুমন পালের কাছে এক লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন। যাচাই-বাছাই করে তিনি দেখতে পান, মোটরসাইকেলের কাগজপত্র ভুয়া এবং এটি একটি চোরাই মোটরসাইকেল।কিছুদিন পর সুমন চোরাই মোটরসাইকেল বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকাতে নতুন আরও একটি মোটরসাইকেল কেনার প্রস্তাব দেন। সুমনের প্রস্তাবে সাড়া দিয়ে শুক্রবার রিয়াজুল কালো রঙের একই মডেলের একটি মোটরসাইকেল নিয়ে সাতৈর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হাজির হন। সেখান থেকে দুটি মোটরসাইকেলসহ বোয়ালমারী থানার পুলিশ মাসুদ হাসানকে আটক করে। এ সময় সেখান থেকে রিয়াজুল, মো. মাসুদ ও বিপ্লব বিশ্বাস পালিয়ে যান। সেনাসদস্য কে এম মাসুদ হাসান দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। বন্ধু ও সহকর্মী রিয়াজুলের সঙ্গে এখানে এসেছিলেন। বোয়ালমারী থানার ওসি শেখ আলী আহম্মদ বলেন, রিয়াজুল ও বিপ্লব চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। বাকি সদস্যদের জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে।