সেনাসদস্য খুন, চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর গ্রামে মারামারির ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য ওসমান গনি গত বৃহস্পতিবার রাতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন।এ ব্যাপারে নিহত ওসমান গনির ভাই রাজু আহমেদ বাদী হয়ে আমীর আলীসহ ১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। কালীগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঞ্চনশ্বর গ্রামের আবদুল জলিলের ছেলে ওসমান গনি ছুটি নিয়ে ২ আগস্ট চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। গত ২৬ আগস্ট তাঁর ভাই রাজু বাড়ির পাশের বিলে মাছ ধরার জাল পেতে বাড়ি আসেন। কিছুক্ষণ পর তিনি ফিরে গিয়ে দেখেন জাল নেই। এ ব্যাপারে তিনি আমীর আলীকে সন্দেহ করেন। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় ওসমান গনি এলাকার মুরুব্বিদের কাছে বিচার চান। এতে ক্ষুব্ধ হয়ে আমীর আলীসহ কয়েকজন ২৭ আগস্ট সকালে ওসমান গনিকে রাস্তায় একা পেয়ে মারধর করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর সামরিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে গত ২৮ আগস্ট হেলিকপ্টারে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুজ্জামান বলেন, ওসমান গনির ভাই রাজু ৩০ আগস্ট ১২ জনকে আসামি করে থানায় মারামারির মামলা করেছেন। ওসমান গনি মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় পরিণত হয়েছে। শুক্রবার রাতে লাশ গ্রামের বাড়িতে আনা হয় এবং গতকাল শনিবার বেলা ১১টায় জানাজা শেষে ওসমান গনির মরদেহ দাফন করা হয়েছে।