সেনাসদস্যকে আহত করার ঘটনায় গ্রেপ্তার ১ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের প্রবেশপথ কচুক্ষেতে মিলিটারি পুলিশের (এমপি) সদস্য সামিদুল ইসলামকে কুপিয়ে আহত করার সন্দেহে পুলিশ সাব্বির হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। কাফরুল থানার পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। তিনি ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
কাফরুল থানা-পুলিশ বলেছে, ঢাকা সেনানিবাসের প্রবেশপথে তল্লাশির সময় দুর্বৃত্তের হাতে গত মঙ্গলবার ল্যান্স করপোরাল সামিদুল আহত হওয়ার পর পুলিশ উত্তর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে শিবিরকর্মী সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে।
গত বুধবার তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে হামলার বিষয়ে সাব্বির মুখ খুলছেন না।
সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মী সাব্বিরের বিরুদ্ধে আগে পুলিশের ওপর বোমা হামলার অভিযোগে কাফরুল ও মিরপুর থানায় চার-পাঁচটি মামলা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে পল্লবী-কাফরুল অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সেনাসদস্য সামিদুলকে কুপিয়ে আহত করার পর সন্দেহভাজন হামলাকারী হিসেবে একজনকে আটক করলেও গত রাত পর্যন্ত তাঁকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়নি।
গত মঙ্গলবার কচুক্ষেতে একটি রিকশা সোজা যাওয়ার চেষ্টা করলে তল্লাশিচৌকিকে দায়িত্বরত মিলিটারি পুলিশের সদস্য সামিদুল রিকশাটিকে থামিয়ে রিকশাচালকের সঙ্গে কথা বলেন। এ সময় এক যুবক রাস্তার উল্টো দিক থেকে এসে হঠাৎ করে তাঁকে আক্রমণ করে বসে। ধারালো অস্ত্র দিয়ে যুবকটি তাঁর বাঁ ঘাড়ে ও চোয়ালে আঘাত করেন।