সেনাসদস্যকে নির্যাতনের অভিযোগে এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সেনাবাহিনীর সার্জেন্ট সরদার মো. জামালকে নির্যাতন ও মামলায় জড়ানোর অভিযোগে বাকেরগঞ্জ থানার এক এসআই সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর নাম মো. তৈয়বুর রহমান। গত ১৮ মার্চ বাকেরগঞ্জ থানার কবাই ইউনিয়নে খোদাবক্সকাঠি গ্রাম থেকে ধরে নিয়ে গিয়ে ওই সেনাসদস্যের ওপর তৈয়বুর রহমান নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গত ১৬ মার্চ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় সেনাসদস্য সরদার মো. জামালসহ আরও কয়েকজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক। সেই মামলার আসামি হিসেবে তাঁকে থানায় ধরে আনা হয়েছিল।
মো. আনোয়ার হোসেন বলেন, এসআই মো. তৈয়বুরের বিরুদ্ধে ওই সেনা কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগ ওঠে। পুলিশ ও সেনাসদস্যদের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে পুলিশ সুপারের নির্দেশে এসআই তৈয়বুরকে সাময়িক বরখাস্ত করা হয়।
নির্যাতনের শিকার সেনা কর্মকর্তা মো. জামাল গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনীর পরিচয় দেওয়ার পরও তৈয়বুর রহমান আমার কাছ থেকে পরিচয়পত্র নিয়ে যায়। এরপর নির্মমভাবে নির্যাতন চালায়। পরে একটি মিথ্যা মামলায় আসামি করার চেষ্টা চালায়। বিষয়টি যশোর সেনানিবাসকে জানানো হলে সেখান থেকে সেনাসদস্যরা এসে আমাকে উদ্ধার করে। এরপর সেনাবাহিনী ও পুলিশ তদন্ত শুরু করে। গতকাল জানতে পারি ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’