সেনাসদস্যকে পিটুনি, উদ্ধারে গিয়ে তিন পুলিশ আহত
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মসজিদের এক ইমামকে মারধর করার অভিযোগে গত শনিবার রাতে এক সেনাসদস্যকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। সেনাসদস্যকে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ওই সেনাসদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।এদিকে পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের অপসারণের দাবিতে এলাকাবাসী গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ধোকড়াকুল বাজারে মানববন্ধন করেছে। এলাকাবাসীর দাবি, শনিবার রাতে আটক সেনাসদস্যকে উদ্ধার করতে এসে সহকারী পুলিশ সুপার এনাম হোসেন আসামির পক্ষ নিয়ে গ্রামবাসীকে গালিগালাজ করেন। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, সহকারী পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু শক্ত কথা বলেছিলেন।আটক সেনাসদস্যের নাম মাহবুবুর রশিদ। তিনি মিরপুর ক্যান্টনমেন্টে করপোরাল পদে কর্মরত। তাঁর গ্রামের বাড়ি পুঠিয়ার ধোকড়াকুল গ্রামে। আটক অন্য দুই ব্যক্তি হলেন মাহবুবুরের ভাই ইমরান আলী ও নাজিম উদ্দিন। রোববার বিকেলে ওই সেনাসদস্যকে সেনাবাহিনীর হেফাজতে এবং তাঁর দুই ভাইকে আদালতে সোপর্দ করা হয়।এলাকাবাসীর বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম জানান, জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে মাহবুবুরের সঙ্গে তাঁর বাবা মোকসেদ আলীর সম্পর্ক খারাপ যাচ্ছিল। একটি জমি বাবদ মোকসেদ আলীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন মাহবুবুর। গত শনিবার রাতে ওই টাকা ছেলেকে দিতে যান মোকসেদ আলী।ওসি জানান, সাক্ষী হিসেবে মোকসেদ আলী এলাকার একটি জামে মসজিদের ইমাম আমির মুন্সিকে (৭০) সঙ্গে নেন। মাহবুবুর টাকা নেওয়ার সময় আমির মুন্সিকে দেখিয়ে তাঁর বাবাকে বলেন, ‘দালাল নিয়ে আসছ কেন?’ এতে ক্ষিপ্ত হয়ে আমির মুন্সি মাহবুবুরকে থাপড় মারলে মাহবুবুর ও তাঁর দুই ভাই আমির মুন্সিকে মারধর করেন। ইমামকে পেটানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারপর এলাকাবাসী মাহবুবুরকে পিটুনি দেয়। ওই রাতেই মাহবুবুরকে উদ্ধার করতে গিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় থানার উপপরিদর্শক পীযূষ কান্তি কর্মকার, সহকারী উপপরিদর্শক নওজেশ আলীসহ পুলিশের তিন সদস্য আহত হন।