সেনাসদস্যসহ আরও ৪ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির ধ্বংসস্তূপ থেকে গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে আরও চারজনের মরদেহ। তাঁদের মধ্যে নিখোঁজ একজন সেনাসদস্যও রয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত রাঙামাটিতে পাহাড়ধসে প্রাণ হারিয়েছে ১০৯ জন। এদের মধ্যে ৫৭ জন পাহাড়ি ও ৪৭ জন বাঙালি। বাকি পাঁচজন সেনাসদস্য।
এ ছাড়া বান্দরবান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনাইশ, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসে মারা গেছে ৩৫ জন। সব মিলিয়ে পাহাড়ধসে প্রাণ হারিয়েছে ১৪৪ জন। এ তথ্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের।
রাঙামাটিতে পাহাড়ধসে এত প্রাণহানির ঘটনা ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে। প্রতিদিনই প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় পাহাড়ি জনপদে এখন শুধুই আতঙ্ক। ভয়াবহ এই অবস্থার জন্য পাহাড়ের পাদদেশে অপরিকল্পিত বসতি স্থাপন এবং গাছপালা কেটে পাহাড় ধ্বংস করাকে বড় কারণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারাও।
এখন লোকসংখ্যা বেড়ে যাওয়ায় পাহাড়িরাও অপরিকল্পিত বসতির দিকে ঝুঁকেছেন বলে জানান রাঙামাটি নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। তিনি প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাসিন্দারা টং ঘরেই বসবাস করতেই অভ্যস্ত। তারা পাহাড় না কেটে বসতি করে থাকেন। একটি ঘর থেকে আরেকটি ঘরের দূরত্ব কত হবে তাও তারা জানেন। কিন্তু ইদানীং লোকসংখ্যা বেড়ে যাওয়ায় আদি বাড়ি ছেড়ে পাহাড়িরাও অন্য এলাকাতে বাড়ি করছেন। ফলে অপরিকল্পিত বসতি হচ্ছে।
রাঙামাটি নাগরিক কমিটির সভাপতি বলেন, পাহাড়কে বিভিন্নভাবে উৎপাত করা হয়েছে। পাহাড়ের গায়ে আঁচড় দেওয়া হয়েছে। ওই আঁচড় পাহাড়ের সহ্য হয়নি। তাই অতিবৃষ্টিতে ভেঙে পড়েছে।
গৌতম দেওয়ানের কথার সত্যতা পাওয়া যায় শহরের ভেদভেদী যুব উন্নয়ন পাড়ার পাহাড়ধস দেখে। এখানে পাহাড়ধসে প্রাণ হারান দুই বোন সোনালী ও রূপালী চাকমা। তাঁদের তিন সন্তানও মারা গেছে। রূপালীর স্বামী সুভাষ বসু চাকমার আদি বাড়ি ভেদভেদী মনতোলাপাড়ায়। ওই বাড়িতে তাঁর মা ও ভাইয়েরা থাকেন। সুভাষ কয়েক বছর আগে যুব উন্নয়ন পাড়ায় পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করেন। সঙ্গে রূপালীর আরেক বোন সোনালীও একই জায়গায় নতুন করে বাড়ি নির্মাণ করেন। যে স্থানে তাঁরা বাড়ি করেন, তার পাশে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হয়েছিল। বৃষ্টিতে ওই সড়কসহ পাহাড়ের অংশ গিয়ে পড়েছে দুই বোনের বাড়ির ওপর।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথম আলোর দুই সংবাদকর্মী রাঙামাটি শহরের ভেদভেদী, পোস্ট অফিস কলোনি, পশ্চিম মুসলিমপাড়া, লোকনাথ মন্দির এলাকা, যুব উন্নয়ন পাড়া, মানিকছড়ি, শিমুলতলীসহ অন্তত ১০টি এলাকা ঘুরেছেন। প্রায় ১০ কিলোমিটারের মধ্যে এসব এলাকার এমন কোনো পাহাড় নেই যে ধসে পড়েনি।
বিশেষজ্ঞরা বলেন, রাঙামাটির পাহাড়ি অঞ্চল মূলত বালুর পাহাড়। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। নির্বিচারে পাহাড়ের গাছপালা কাটাকেও পাহাড় দুর্বল হওয়ার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন তাঁরা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘পাহাড়কে আমরা একটা থাপ্পড় দিয়েছি, পাহাড় আমাদের চারটা থাপ্পড় ফেরত দিয়েছে। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে। অতিবৃষ্টিতে ওই পাহাড় রাস্তার ওপর ধসে পড়েছে। একইভাবে ঘরও নির্মাণ করা হয়েছে যত্রতত্র পাহাড় কেটে। সেসব ঘর টেকেনি।’
রাঙামাটি শহরের ভেদভেদীর যে এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে, তা দুই পাহাড়ের পাদদেশে। বাড়ি নির্মাণের সময় পাহাড়ের পাদদেশের কিছু কিছু অংশ কেটে ফেলা হয়। বিশেষজ্ঞদের মতে, দুই পাহাড়ের পাদদেশে বসতি ঝুঁকিপূর্ণ। কারণ পাহাড় থেকে নেমে আসা ঝরনা (ছড়া) ওই পথ দিয়ে প্রবাহিত হয়। ফলে অতিবৃষ্টিতে পাহাড়ি ছড়ার সঙ্গে মাটিও নেমে আসার আশঙ্কা থাকে। রাঙামাটির বিভিন্ন স্থানে যেসব বসতিতে পাহাড়ধস হয়েছে, সেগুলোর অবস্থান ছিল পাহাড়ের পাদদেশে কিংবা খাঁজে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, যেসব জায়গায় পাহাড়ধস হয়েছে, সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। নিয়মতান্ত্রিকভাবে অনেক জায়গায় বাড়ি নির্মাণ করা হয়নি।
পাহাড়ধসের পর থেকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা রাঙামাটি ও কাপ্তাই এলাকার বিভিন্ন পাহাড় পরিদর্শন করেছেন। অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, যেসব এলাকায় পাহাড়ের ওপর অত্যাচার বেশি হয়েছে, ক্ষতির পরিমাণও সেখানে বেশি হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, কাপ্তাই এলাকার কারিগরগোনাসহ দুটি স্থানে পাহাড়ধস হয়েছে। বসতি করার সময় সেখানে পাহাড় কাটা হয়েছে।
পাহাড়ধসে ঘর হারিয়ে শহরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে বৃদ্ধ কোরবান আলীর (৯০)। ৩৫ বছর আগে রাঙামাটিতে এসে বসতি গড়েন তিনি। সাড়ে তিন দশকের মধ্যে এর আগে কখনো পাহাড়ে এত বৃষ্টি ও দুর্যোগ দেখেননি তিনি।