পঞ্চগড়ের সদর ও আটোয়ারী এবং নওগাঁর ধামইরহাটে গত শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। পাবনার সুজানগরে বাসচাপায় একজন সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল রোববার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের হেলিপোর্ট এলাকায় শনিবার রাতে একটি যাত্রীবাহী বাস ও প্রাণ ফুড লিমিটেডের এক পরিবেশকের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই পরিবেশকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রুহুল আমিন (৪২) নিহত হন। তাঁর বাড়ি জেলা শহরের ধাক্কামারা এলাকায়। আহত ব্যক্তিরা হলো: মোকাদ্দেস আলী, শাহজাদা, আবু সায়েদ, আলমগীর, আলাউদ্দীন, আশরাফুল ও সয়েল। তারা বাস ও পিকআপ ভ্যানের যাত্রী। শনিবার বিকেলে আটোয়ারী উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেলের ধাক্কায় মনসুরী (৬০) নামে এক নারী ভিক্ষুক মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার বর্ষালুপাড়া গ্রামে।ধামইরহাট (নওগাঁ): ধামইরহাট উপজেলার গাংরা এলাকায় শনিবার রাস্তা পারাপারের সময় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটির চাপায় নূর আলম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার গাংরা গ্রামের ছোবাহানের ছেলে।পাবনা: পাবনা-সুজানগর সড়কের কাচুরি এলাকায় শনিবার একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী সেনাসদস্য আবুল কালাম (৩৫) আহত ও তাঁর স্ত্রী মিলি খাতুন (২৫) নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী আবুল কালামকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। তাঁর বাড়ি সুজানগর উপজেলার উলাট গ্রামে। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত। সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হক বলেন, পুলিশ বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। পাঁচবিবি (জয়পুরহাট): বিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিল সে। কিন্তু বিদ্যালয়ে যাওয়া আর হয়ে ওঠেনি তার। এর আগেই ট্রাকের চাপায় প্রাণ হারায়। গতকাল রোববার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই স্কুলছাত্রের নাম স্বপন (১১)। সে আয়মারসুলপুর হাজী মনির উদ্দিন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও খাসবাগুড়ি গ্রামের পূর্ণচন্দ্র রায়ের ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এক ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাইসাইকেলে চড়ে বিদ্যালয় যাচ্ছিল স্বপন। পাঁচবিবি-জয়পুরহাট সড়কে শিমুলতলী এলাকায় পৌঁছালে একটি ট্রাক বাইসাইকেলকে চাপা দেয়। এতে স্বপন মারা যায়। ইউএনও মাহমুদুল আলম জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।