সেনাসদস্যসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় ট্রাকের চাপায় গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নেত্রকোনার কেন্দুয়া ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সেনাবাহিনীর সদস্য সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের জহিরুল ইসলাম (৩০), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হরিনগর গ্রামের মোহাম্মদ আলী (৩৫) ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কোনা গ্রামের আবদুল হাই (৫৮)।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, গতকাল সকালে কুমিল্লা সেনানিবাসে কর্মরত জহিরুল ইসলাম (৩০) মোটরসাইকেলে নিজ বাড়ি সিরাজগঞ্জ যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে।
কেন্দুয়া (নেত্রকোনা): পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদ আলী পাশের রায়বাজার আঠারোবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি হরিনগরে আসছিলেন। কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের হেনেরগাতি মোড় এলাকায় সিলেটগামী একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে মোহাম্মদ আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভৈরব (কিশোরগঞ্জ): পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত বুধবার রাত নয়টার দিকে আবদুল হাই ভ্যান চালিয়ে পিরিজপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে একটি ট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাজিতপুর উপজেলায় অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।