ময়মনসিংহের ত্রিশালে গতকাল রোববার মাইক্রোবাসের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদিনই গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন আরও দুজন। গত শনিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনটি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একজন সেনাসদস্যসহ তিনজনের।
এদিকে নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান।
এ নিয়ে গত ১৩৯ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১ হাজার ২৬৬ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও অফিসের পাঠানো খবর:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল দুপুরে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন ত্রিশালের হরিরামপুর গ্রামের সাদিকুর ইসলাম ও শেরপুরের ঝিনাইগাতির নজরুল ইসলাম। সাদিকুল পথচারী ও নজরুল মোটরসাইকেল আরোহী ছিলেন।
গাজীপুরের মিরেরবাজার নারায়ণকূল এলাকায় গতকাল সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সুবাস রবিদাস (৪০) ও মালতি (৪১)। তাঁরা সম্পর্কে দেবর ও ভাবি। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সুবাস তাঁর ভাবিকে নিয়ে অটোরিকশায় মিরেরবাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত দুজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া চামাগ্রাম এলাকায় সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল আলী (৩৫) নামে একজন নিহত হন। তিনি সদর উপজেলার বারোরশিয়া নতুনহাট মহল্লার আবদুস সাত্তারের ছেলে।
যশোর সদর উপজেলার নতুন খয়েরতলায় যশোর-ঝিনাইদহ সড়কে গতকাল বিকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় সেনাসদস্য আবদুল বারিক নিহত হয়েছেন। তিনি যশোর সেনানিবাসে কর্পোরাল পদে কর্মরত ছিলেন। বিকেল চারটার দিকে আবদুল বারিক সেনানিবাস থেকে বাইসাইকেলে কাঁঠালবাগান এলাকায় তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন। কোতোয়ালি থানার এসআই হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য তাঁর লাশ যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরহাটে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে শনিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হন। সিরাজুলের বাড়ি শাকচর ইউনিয়নে। তাঁরা ভাড়া মোটরসাইকেলে লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলেন।
খালেদা জিয়ার উপদেষ্টা আহত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান (৬০) গতকাল বিকেল পাঁচটার দিকে নাটোরের গুরুদাসপুরে সপরিবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ সময় তিনি আহত হন। পাবনার ঈশ্বরদীর বাসা থেকে ঢাকায় ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজ জানান, হাবিবুর রহমান সপরিবার নিজের প্রাইভেট কারে ঢাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাঁর গাড়িকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তাঁর স্ত্রী নাজমা হাবিব, মেয়ে অন্তরা হাবিব, ভাতিজি বাবলী ও চালক নিশানও আহত হয়েছেন।