সেনাসদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল রোববার প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত ও আরও দুজন আহত হন। গত দুদিনে জামালপুর সদর ও দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসের চাপায় মর্জিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত এবং তাঁর স্বামী ও সন্তান আহত হয়েছে।

কুলাউড়ায় নিহত হয়েছেন শান্তি রানী কানু (৬৫)। তিনি ওই উপজেলার কানুপট্টির মৃত চরণ কানুর স্ত্রী। আহত দুই ব্যক্তি হলেন ব্রাহ্মণবাজার এলাকার আল আমিন (২২) ও মো. সালাম (৩৫)। জামালপুরে শাহিন আলম (২৫) ও তাঁর বন্ধু শাহিনুল ইসলাম (২৪) নামে দুজন নিহত হন। এঁদের মধ্যে শাহীন আলম রাঙামাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ছিলেন। অপরজন একই গ্রামের মোবারক হোসেনের ছেলে শাহিনুল ইসলাম। দেওয়ানগঞ্জে নিহত কহর উদ্দিন উপজেলার তারাটিয়া সরকারবাড়ি গ্রামের বাসিন্দা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

জুড়ী (কমলগঞ্জ): পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল সকালে দুটি প্রাইভেট কার মৌলভীবাজার থেকে কুলাউড়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে কানুপট্টি এলাকা অতিক্রমকালে একটি গাড়ি তিন পথচারীকে ধাক্কা দিয়ে পাশের রঞ্জিত কুমারের অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির দোকানে ঢুকে পড়ে। এতে ওই তিন পথচারী আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্তি মারা যান। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, ‘প্রাইভেট কার দুটি বেপরোয়া গতিতে চালানোর কারণে হতাহতের ঘটনাটি ঘটেছে। গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুর: জামালপুর সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সেনাসদস্য শাহিন আলম বাড়িতে আসেন। গত শনিবার রাত নয়টার দিকে পারিবারিক কাজে শাহিনুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি নান্দিনা বাজারে যান। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুরের তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শাহীন আলমকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, ওই ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

গতকাল বিকেলে দেওয়ানগঞ্জ-তারাটিয়া সড়কের সরকারবাড়ি এলাকায় ট্রাকের চাপায় কহর উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  খবর পেয়ে পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মর্জিনা তাঁর স্বামী মিজানুর রহমান (৩৮)  ও ছেলে জামানকে (১০) নিয়ে মোটরসাইকেলে বাবার বাড়ি শুভুল্যা থেকে স্বামীর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সল্লা যাচ্ছিলেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মর্জিনা রাস্তার পাশে পড়ে গেলে একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় আহত তাঁর স্বামী ও ছেলেকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।