সেনাসদস্যের অপমৃত্যু
বাংলাদেশ সেনাবাহিনীর করপোরাল তাজেরুল ইসলামের (৩৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) বেনজীর আহমেদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিএমএইচ থেকে তাজেরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর কয়েকজন সদস্য তাঁকে খিলক্ষেত ওভারব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিএমএইচে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নেশাজাতীয় দ্রব্যের বিষক্রিয়ায় তিনি মারা গেছেন। পুলিশ জানায়, তাজেরুল ঢাকা সেনানিবাসে ৫৬ বেঙ্গল সংযুক্ত আর্মি ট্রানজিটে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তিনি বাইরে বের হন। এরপর একজন অজ্ঞাতনামা ব্যক্তি আরেক সেনাসদস্যকে ফোন করে খিলক্ষেতে তাজেরুল অচেতন অবস্থায় পড়ে আছেন বলে জানান। ধারণা করা হচ্ছে, তাজেরুল অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তাঁর পিঠে ছিলা জখম এবং এক পায়ে কাটা চিহ্ন আছে। ঘটনাস্থল খিলক্ষেত থানায় হওয়ায় ওই থানায় নিহত তাজেরুলের ভাই মো. সুমন বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ বলেন, ঘটনার তদন্ত চলছে।