সেনাসদস্যের সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিয়ে যাওয়া দামি ল্যাপটপ ও মুঠোফোনের মালিককে খুঁজে তা ফেরত দিয়েছেন আবু বক্কর সিদ্দিকী নামের এক সেনাসদস্য। তিনি বর্তমানে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে কর্মরত।
গত বুধবার আবু বক্কর ঢাকা থেকে বাসে করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁর পাশের যাত্রী ভুলে একটি ব্যাগ ফেলে মাগুরায় নেমে যান। মেহেরপুরে পৌঁছার পর আবু বক্কর ব্যাগটি পায়ের নিচে পড়ে থাকতে দেখেন। মালিককে না পেয়ে তিনি ব্যাগটি বাড়ি নিয়ে যান। পরে ব্যাগ খুলে তিনি একটি ল্যাপটপ ও একটি মুঠোফোন দেখতে পান। এরপর ল্যাপটপের ক্রয়ের রসিদ ও মুঠোফোন নম্বর শনাক্ত করে তিনি মালিককে বিষয়টি জানান।
গতকাল বৃহস্পতিবার হারিয়ে যাওয়া সম্পদের মালিক মাগুরা শহরের বাসিন্দা সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ তাঁর বাড়িতে আবু বক্করকে আমন্ত্রণ জানান। আবু বক্কর সস্ত্রীক তাঁর বাড়িতে গিয়ে আতিথেয়তা গ্রহণ করেন এবং ল্যাপটপ ও মুঠোফোন ফেরত দেন।
আবদুল মজিদ বলেন, সেনাসদস্যের এমন মহানুভবতায় মুগ্ধ হয়েছেন তিনি।
আবু বক্কর সিদ্দিকী বলেন, সম্পদের চেয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি অনেক বড়। তাই লোভের বশবর্তী না হয়ে হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে দিয়েছেন তিনি।