সেন্ট গ্রেগরীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খেলার একটি মুহূর্ত। সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, পুরান ঢাকা, ২৯ জুন। ছবি: সাজিদ হোসেন
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খেলার একটি মুহূর্ত। সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, পুরান ঢাকা, ২৯ জুন। ছবি: সাজিদ হোসেন

রাশিয়ায় চলছে ফুটবল বিশ্বকাপ। সারা বিশ্ব এখন বিশ্বকাপ-জ্বরে ভুগছে। বাংলাদেশেও তাই বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কমতি নেই। শহরে-গ্রামে, পাড়া-মহল্লায় সবাই মেতে উঠছে ফুটবল নিয়ে। খেলা ও তর্ক—দুটিই চলছে সমানতালে। আজ বিশ্বকাপের কোনো খেলা নেই। কিন্তু ঢাকার মাটিতে নেমে গেল ব্রাজিল সমর্থকেরা, তা-ও আবার আর্জেন্টিনার সমর্থকদের বিপক্ষে!

পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ হয়। নব্বই মিনিটের এই ম্যাচে ব্রাজিল সমর্থকগোষ্ঠী আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীকে হারায় ৪-১ গোলে।

এই প্রীতি ম্যাচের আয়োজক সেন্ট গ্রেগরী স্কুলের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। আর খেলায় অংশ নেওয়া ব্যক্তিরা পুরান ঢাকার লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সূত্রাপুরসহ বিভিন্ন মহল্লার বাসিন্দা। আয়োজকেরা জানান, প্রত্যেক ফুটবল বিশ্বকাপের আসরে তাঁরা আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের নিয়ে এমন প্রীতি ম্যাচের আয়োজন করে থাকেন।

বিশ্বজুড়ে চলছে ফুটবলের আমেজ। এর রেশ রাজধানীর পুরান ঢাকায় দেখা গেল। সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজমাঠ, ২৯ জুন। ছবি: সাজিদ হোসেন
বিশ্বজুড়ে চলছে ফুটবলের আমেজ। এর রেশ রাজধানীর পুরান ঢাকায় দেখা গেল। সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজমাঠ, ২৯ জুন। ছবি: সাজিদ হোসেন

বিকেল পৌনে পাঁচটায় রেফারির বাঁশিতে খেলা শুরু হয়। সমর্থক খেলোয়াড়দের পরনে ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি। শুরুতে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী গোল করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। মিনিট দু-একের মাথায় আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর পক্ষ থেকে গোল করে লক্ষ্মীবাজারের বাসিন্দা জর্ডান। পরে ব্রাজিলও আক্রমণ করতে থাকে। ১৫ মিনিটের মধ্যে ব্রাজিল সমর্থকগোষ্ঠীর পক্ষে গোল শোধ করে দাইয়ান। খেলা আরও জমে ওঠে। সমানতালে দুই পক্ষই গোলের জন্য আক্রমণ করতে থাকে। এভাবেই প্রথমার্ধ শেষ হয়।

বিরতিতে কথা হয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাইয়ানের সঙ্গে। তিনি প্যারীদাস রোডে থাকেন। দাইয়ান বললেন, ‘আমরা ভালো খেলছি। দ্বিতীয়ার্ধে ওরা (আর্জেন্টিনা সমর্থকেরা) গোল না দিলে আমরাই গোল দিয়ে দেব।’

কথা রেখেছেন দাইয়ান। বিরতির পর খেলা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় দ্বিতীয় গোলটিও করেন। গোল হওয়ায় উল্লাসে মেতে ওঠে ব্রাজিলের সমর্থকেরা। লক্ষ্মীবাজারের বাসিন্দা আওলাদ হোসেন প্রথম আলোকে বললেন, ‘খেলা শেষে ব্রাজিলই জিতবে। ওদের স্ট্রাইকারগুলো ভালো। এবারের বিশ্বকাপেও ব্রাজিল ভালো খেলব।’ ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে বলে তাঁর আশা।

জয় পেয়ে ব্রাজিল সমর্থক-খেলোয়াড়দের উল্লাস। সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, পুরান ঢাকা, ২৯ জুন। ছবি: সাজিদ হোসেন
জয় পেয়ে ব্রাজিল সমর্থক-খেলোয়াড়দের উল্লাস। সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, পুরান ঢাকা, ২৯ জুন। ছবি: সাজিদ হোসেন

খেলা শেষের দিকে ব্রাজিল সমর্থকগোষ্ঠীর বাপ্পি ও রাজীব আরও দুটি গোল দেন। এতে ভেঙে পড়েন আর্জেন্টিনা সমর্থকদের একাংশ। তাঁরা মাঠের পাশ থেকে হইচই শুরু করেন। চতুর্থ শ্রেণিতে পড়ে কে এম জুবিলী স্কুলের প্লাবন চক্রবর্তী। সে-ও খেলা দেখতে এসেছে। আর্জেন্টিনা হেরে যাচ্ছে বলে তার মন খারাপ। সে মাঠের বাইরে খেলা দেখছে আর বলছে, ‘ওদের ডিফেন্স ভালো না। বল ওপরে গেলে ধরে রাখতে পারে না।’

খেলার শেষের মিনিটে অবশ্য পেনাল্টি পায় আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী। ডি বক্সে ব্রাজিল সমর্থকগোষ্ঠীর একজনে হাতে বল লাগে। গত ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার মেসি যেমন পেনাল্টি মিস করেছেন, তেমনি আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর অধিনায়ক রাজুও মিস করেন এ পেনাল্টি। গোল হলেও অবশ্য আর্জেন্টিনা জিততে পারত না। কারণ, এরপরেই রেফারি শেষ বাঁশি বাজান। শুরু হয় ব্রাজিল সমর্থকদের উল্লাস ও চিৎকার।