
‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়…’ এমনই হাসি-গান, কোলাহল, আড্ডা আর আনন্দ-বেদনার পুরোনো স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে শুরু হয় খুলনার সেন্ট জোসেফস উচ্চবিদ্যালয়ের ‘প্লাটিনাম জুবিলি’ উৎসব। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন খুলনা ধর্ম প্রদেশের বিশপ মোস্ট রেভারেন্ট জেমস রমেন বৈরাগী।
ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ১৯৪০ সালে যাত্রা শুরু করে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় চত্বরে সমবেত হতে থাকেন নতুন ও পুরোনো শিক্ষার্থীরা। চত্বরটি পরিণত হয়ে ওঠে নবীন-প্রবীণের মিলনমেলায়। বহুদিন পর পুরোনো বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন, আলাপচারিতা ও আড্ডায় মেতে ওঠেন অনেকে। বয়সকে পেছনে ফেলে ছবি তোলা, হইচই আর নেচে-গেয়ে বাঁধভাঙা জোয়ারে ভেসে যান অনেকে।
চত্বরে গোল হয়ে বসে আড্ডারত একটি দলের কাছে গিয়ে জানা যায়, তাঁরা সবাই ১৯৭৮ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এত বছর পর বিদ্যালয় প্রাঙ্গণে এসে স্মৃতি হাতড়ে বেড়ান তাঁরা। আজমল হোসেন নামের একজন প্রথম আলোকে বলেন, ‘বন্ধুদের মধ্যে খুলনায় যারা থাকে, তাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয় কিন্তু কিছু পুরোনো বন্ধুকে অনেক অনেক বছর পর আজ পেয়েছি। মনে হচ্ছে সেই আগের দিনে ফিরে গেছি।’
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্কুলে এসে শেষ হয়। এরপর বিকেলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক ও যাত্রানুষ্ঠান।