সেন্ট মার্টিন থেকে ২২০ যাত্রীসহ ট্রলার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর সময় বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা গতকাল সোমবার বিকেলে টেকনাফের সেন্ট মার্টিন সাগর থেকে ২২০ জন যাত্রী, ছয় দালালসহ একটি কার্গো ট্রলার আটক করেছেন। আজ মঙ্গলবার যাত্রীদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশনের কমান্ডার কে এম নেওয়াজ প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয় (সেন্ট মার্টিন) জেলেরা বঙ্গোপসাগরে বিপুলসংখ্যক লোকবোঝাই একটি ট্রলার ভাসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে কার্গোসহ যাত্রীদের উদ্ধার করে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে আসা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন মিয়ানমারের দালাল রয়েছেন। অন্যরা ঢাকা, নরসিংদী, বরিশাল, সাতক্ষীরা, মেহেরপুর, খুলনা, যশোর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা। মাথাপিছু ২০ থেকে ৪৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে দালালরা যাত্রীদের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া পাঠাচ্ছিলেন।
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ বলেন, আটক করা যাত্রীদের সন্ধ্যায় সেন্ট মার্টিন জেটিঘাটে নিয়ে এলে সবাই কান্নায় ভেঙে পড়েন। বাংলাদেশ নৌবাহিনীর চিকিৎসক দল তাঁদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।