সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন ২৩১ পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় কক্সবাজারের ‘টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপ নৌপথে’ দুই দিন ধরে পর্যটকবাহী জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন ২৩১ জন পর্যটক। এদিকে গতকাল বুধবার টেকনাফের উপকূল দিয়ে প্রবল ঝোড়ো ও দমকা হাওয়া বয়ে যাওয়ায় পাঁচ শতাধিক ঘরবাড়ি ও পাঁচ হাজারের অধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে পাকা আমনধানের। গাছচাপা পড়ে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া গ্রামে মো. সাদেক (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের কবির আহমেদের ছেলে। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম জানান, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলজুড়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ কারণে কক্সবাজার উপকূলকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।গতকাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নানা চেষ্টা করেও আটকে পড়া পর্যটকদের টেকনাফ আনা সম্ভব হয়নি। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল আমিন জানান, আটকে পড়া ২৩১ জন পর্যটক দ্বীপের ৩৩টি হোটেল ও কটেজে রয়েছেন।পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, দ্বীপে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য গতকাল বুধবার সকালে তাঁরা টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যান। জাহাজটি দ্বীপের কাছাকাছি গেলেও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে জেটিতে ভিড়তে পারেনি। তাই তাঁরা টেকনাফ ফিরে আসেন। পর্যটক ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় দুই শতাধিক পর্যটক নিয়ে একটি ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। এক ঘণ্টা পর ট্রলারটি নাফ নদী অতিক্রম করে বঙ্গোপসাগরের বদর মোকাম চ্যানেলে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে। এ সময় ট্রলারে থাকা পর্যটকদের বেশির ভাগই কান্নাকাটি শুরু করেন। একপর্যায়ে পর্যটকদের চাপের মুখে ট্রলারটি টেকনাফ ফিরিয়ে আনা হয়। ওই ট্রলারের যাত্রী ছিলেন ঢাকার বাসাবোর বাসিন্দা খোরশেদ আলম। তিনি বলেন, ‘সাগর শান্ত আছে বলে আমাদের ট্রলারে তোলা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বাতাসের গতি বাড়লে ঢেউও বাড়ে। ঢেউয়ের ওপর ট্রলারটি দুলতে থাকে। মনে হচ্ছিল, এই বুঝি ট্রলারটি ডুবে যাচ্ছে।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, বৈরী আবহাওয়ায় সাগর পাড়ি দিয়ে কাউকে সেন্ট মার্টিন যেতে দেওয়া হচ্ছে না। গতকাল থেকে এ ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। ঘরবাড়ি ও ফসলের ক্ষতি: এলাকাবাসী সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন, সাবরাং, বাহারছড়া, হ্নীলা, পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা, আমনধানসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝোড়ো ও দমকা হাওয়ার ফলে পুরো উপজেলা গতকাল ভোর চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইউছুফ ভূঁইয়া গতকাল সন্ধ্যায় বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।আট ট্রলারডুবি: সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান জানান, গতকাল বেলা ১১টায় সেন্ট মার্টিন দ্বীপ উপকূলে আটটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে আহত হয়েছেন। প্রচণ্ড বাতাসে স্থানীয় আবুল মঞ্জর, নূরুল আমিন, কামাল হোসেন, কালু মিয়া, সাব্বির আহমদ, শামসুল ইসলাম ও মো. রহিমের মালিকানাধীন আটটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।