মৌসুমি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড রকম উত্তাল হয়ে পড়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপ নৌপথে জাহাজ চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে।এ কারণে কয়েক হাজার পর্যটক টেকনাফ থেকে ফিরে যাচ্ছেন। আবার সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের টেকনাফে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. রাসেল শাহ জানান, মৌসুমি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড রকম উত্তাল হয়ে পড়েছে।উপকূলজুড়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। এ কারণে কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল আমিন বলেন, গত শনিবার বিকেলে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে সাগর উত্তাল হয়ে পড়ে।এ কারণে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে আসতে পারছে না। ফলে আগের দিন সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে আসা তিন শতাধিক পর্যটকও দ্বীপে আটকা পড়েছেন। তাঁরা দ্বীপের ৩৩টি হোটেল ও কটেজে অবস্থান করছেন।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য রোববার সকালে তাঁরা টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপের দিকে রওনা দিয়েছিলেন। ১৮ কিলোমিটারের নাফ নদী অতিক্রম করে জাহাজটি বঙ্গোপসাগরের মোহনায় গেলে জাহাজটি বড় বড় ঢেউয়ের কবলে পড়ে। এ সময় জাহাজে থাকা পর্যটকেরা কান্নাকাটি ও হইচই শুরু করলে জাহাজটি সেন্ট মার্টিনে না গিয়ে আবার টেকনাফে ফিরে আসে। গতকালও সারা দিন সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের ফেরত আনা সম্ভব হয়নি।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শতাধিক পর্যটক নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়। এক ঘণ্টা পর এটি বঙ্গোপসাগরের বদর মোকাম চ্যানেলে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়লে আবার টেকনাফে ফিরে আসে। ওই ট্রলারের যাত্রী ছিলেন ঢাকার উত্তরার বাসিন্দা ফরিদুল আলম চৌধুরী।তিনি বলেন, ‘সাগর শান্ত আছে বলে আমাদের ট্রলারে তোলা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বাতাসের গতি বাড়লে ঢেউও বাড়ে।ঢেউয়ের ওপর ট্রলারটি দুলতে থাকে। মনে হচ্ছিল, এই বুঝি ট্রলারটি সাগরতলে ডুবে যাচ্ছে। নারী ও শিশুরা কান্নাকাটির পাশাপাশি বমি করেছে। শেষে পর্যটকদের চাপাচাপিতে ট্রলারটি টেকনাফে ফিরে আসে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মুজাহিদ উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কেউ পর্যটক পারাপার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।