সেন্ট মার্টিন ভ্রমণে ১০ টাকা করে টোল দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করলে পর্যটকদের এখন থেকে মাথাপিছু ১০ টাকা হারে সরকারি টোল পরিশোধ করতে হবে।গত ৩০ নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের পাঠানো এক চিঠিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ মালিকদের এই টোল আদায়ের নির্দেশ দেওয়া হয়।জানতে চাইলে টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, জাহাজে উপস্থিতি হিসাব করে মাথাপিছু ১০ টাকা হারে সরকারি টোল পরিশোধ করতে হবে। এই টোল ঠিকমতো পরিশোধ করা হচ্ছে কি না, তা তদারকের ব্যবস্থা রাখা হয়েছে। টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী এলসিটি কুতুবদিয়া জাহাজের ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, জেলা প্রশাসকের চিঠিতে পর্যটকদের কাছ থেকে ১০ টাকা হারে টোল আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। পর্যটকবাহী জাহাজ মালিকেরা টিকিট বিক্রির সময় টোলের এই টাকা উত্তোলন করবেন। পরে এই টাকা টেকনাফের কৃষি ব্যাংক শাখায় একটি নির্দিষ্ট হিসাবে জমা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে প্রতিদিন পাঁচটি জাহাজে করে গড়ে এক থেকে দেড় হাজার এবং কয়েকটি কাঠের ট্রলারে করে আরও অন্তত ৮০০ থেকে ৯০০ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেন।