সেন্ট মার্টিন রক্ষায় ১০ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় ১০ দফা দাবি জানিয়েছে প্রথম আলো বন্ধুসভা। গতকাল শনিবার দুপুরে সেন্ট মার্টিনের
পশ্চিম সৈকতে কক্সবাজার ও টেকনাফ বন্ধুসভার মানববন্ধন ও সমাবেশে এসব দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চারদিকে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষার জন্য নীতিমালার বাস্তবায়ন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ডুবোচর খনন ও চ্যানেলে বয়া স্থাপন, সেন্ট মার্টিন হাসপাতালে জনবল ও শয্যাসংখ্যা বৃদ্ধি এবং নৌ-অ্যাম্বুলেন্স চালু, সেন্ট মার্টিন বাতিঘরের সংস্কার ও উন্নয়ন, পর্যটকদের জন্য আরেকটি জেটি নির্মাণ, দ্বীপের প্রধান সড়কসহ রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগ, জেনারেটরের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ এবং সেন্ট মার্টিন বাজারে ব্যাংক স্থাপন করা।
কক্সবাজার বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস এসব দাবি তুলে ধরেন। ভ্রমণে আসা বিপুলসংখ্যক পর্যটক কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ, সদস্য আবদুর রউফ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ডালিম বড়ুয়া, কক্সবাজার ইংলিশ ল্যাংগুয়েজ লার্নিং সেন্টারের পরিচালক মো. মহিউদ্দিন, রাজবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, রেডিও নাফের জেলা প্রতিনিধি সিদ্দিক হোসেন, টেকনাফ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাশেদুল হক।
কক্সবাজার বন্ধুসভার সভাপতি কাজী মিজানুর রহমান কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
মানববন্ধনে বক্তাদের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে রেডিও নাফ।
এর আগে বন্ধুসভা ও রেডিও নাফ সংঘের যৌথ উদ্যোগে সৈকত পরিচ্ছন্ন করা হয়।