সেন্ট মার্টিন সৈকত দখল করে শতাধিক দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সেন্ট মার্টিনের সৈকত দখল করে তৈরি করা হয়েছে শতাধিক দোকান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকানে বিক্রি হচ্ছে শুঁটকি, ভাজা মাছ, ডাব, আচারসহ নানা পণ্য। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সৈকতের হোটেল, মোটেল ও দোকানপাটে উচ্চক্ষমতার বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে সৈকতকে আলোকিত এবং লোকজনের হইচই করার ফলে গভীর সমুদ্র থেকে ছুটে আসা মা-কচ্ছপ ডিম দিতে পারছে না। সরেজমিনে দেখা গেছে, দ্বীপের পশ্চিম সৈকত দখল করে তৈরি করা হয়েছে ৫০টির বেশি অবৈধ দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে শুঁটকিসহ বিভিন্ন মাল। শুঁটকির দুর্গন্ধে পর্যটকেরা সৈকতে চলাফেরা করতে পারছেন না।সৈকতের তীর ঘেঁষে তৈরি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাংলোবাড়ি ‘সমুদ্র বিলাস’। এই বিলাসের সামনে রয়েছে শুঁটকির অন্তত ২০টি দোকান। সমুদ্র বিলাসের পরিচালক আবদুর রহমান বলেন, সৈকতের যত্রতত্র ময়লা-আবর্জনা, অবৈধ দোকানপাট তৈরি আর শুঁটকির দুর্গন্ধে পর্যটকেরা বিরক্তবোধ করছেন। শুঁটকি বিক্রেতা আমিন উল্লাহ (৪০) বলেন, পর্যটকদের চাহিদা পূরণের জন্য এই দোকান খোলা হয়েছে। ভাজা মাছ বিক্রেতা কবির আহমদ (৪৫) বলেন, সৈকতে নেমে পর্যটকেরা ভাজা মাছ খেতে পছন্দ করেন, তাই অন্ধকার সৈকতে বাতি জ্বালিয়ে আলোকিত করা হচ্ছে। দেখা গেছে, দ্বীপের উত্তর-পূর্ব ও দক্ষিণ পাশের সৈকতেও তৈরি করা হয়েছে আরও ৬০টির মতো দোকান। সন্ধ্যার পর নির্জন সৈকতে স্থাপিত দোকানপাটে আলো জ্বলে উঠলে কচ্ছপ ডিম পাড়ার পরিবেশ হারিয়ে ফেলে। সেন্ট মার্টিন দ্বীপের চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, পর্যটকের আগমন উপলক্ষে কিছু লোক সৈকতে দোকানপাট তৈরি করে ব্যবসা করেন। উচ্ছেদ করলেও আবার তৈরি করেন। এতে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সৈকতে অভিযান চালিয়ে ২০৩টি উচ্চক্ষমতার বৈদ্যুতিক বাল্ব জব্দ করে সৈকতের আলো নিভিয়ে দিয়েছেন, যাতে কচ্ছপের ডিম পাড়তে সমস্যা না হয়। শরীফুল ইসলাম আরও বলেন, সরেজমিনে ঘুরে সৈকতে বেশ কিছু মরা কচ্ছপ দেখা গেছে। এসব কচ্ছপ কুকুরের কামড়ে এবং নিষিদ্ধ জালে আটকা পড়ে মারা গেছে। এই দ্বীপে চার হাজারের বেশি কুকুরের বসতি, কিন্তু নিধনের কোনো উদ্যোগ নেই।