সেন্ট মার্টিন সৈকতজুড়ে ভাজা মাছের কারবার
কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৈকতজুড়ে ভাজা মাছ বিক্রির ধুম পড়েছে। ভ্রমণে আসা পর্যটকেরা ঘুরেফিরে সামুদ্রিক মাছ খেয়ে স্বাদ মেটাচ্ছেন। ৮ জানুয়ারি দুপুরে সরেজমিনে দ্বীপ পরিদর্শন করে দেখা গেছে, জেটিঘাটসংলগ্ন বাজারের ২০-২৫টি হোটেল-রেস্তোরাঁ ছাড়াও সৈকতের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ। রূপচান্দা, কালাচান্দা, টেকচান্দা, কোরাল, লবস্টার, গলদা চিংড়ি, চাপা, ছুরি, পোপা কোনোটি বাদ নেই। দাম ৪০ থেকে দুই হাজার টাকা। দৈনিক অন্তত পাঁচ হাজার পর্যটক পছন্দের মাছটি কিনে তাৎক্ষণিকভাবে আগুনে ভেজে নিয়ে খাচ্ছেন। বাজারের মধ্যভাগে দ্বীপের সবচেয়ে বড় রেস্তোরাঁ ‘শাহীনা হোটেল’। হোটেলের সামনে টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। পর্যটকেরা পছন্দের মাছটি কিনে ভেজে নিচ্ছেন। হোটেলের মালিক হারুন আর রশিদ (৪০) বলেন, প্রতিদিন এই হোটেলে গড়ে ১১ মণ মাছ বিক্রি হয়। পর্যটকের আগমন ১০ হাজারের বেশি হলে মাছের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়। পার্শ্ববর্তী ‘নারকেল জিঞ্জিরা’, আল্লারদান, ইউরো বাংলা, কুমিল্লা হোটেল, ব্লু-মেরিন, প্রসাদ প্যারাডাইস, অবকাশসহ বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় দৈনিক পাঁচ-ছয় মণ করে মাছ বিক্রি হচ্ছে। দ্বীপের সব কটি হোটেলে দৈনিক মাছ বিক্রি হচ্ছে ১০০ মণের বেশি। শাহীনা হোটেলে ভাজা মাছ খেতে আসা ঢাকার মগবাজারের পর্যটক শামসুল ইসলাম (৪৪) বলেন, সাগর দ্বীপে এসে মাছ না খেলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। এখানকার সামুদ্রিক মাছ দামে সস্তা বলে সবাই খেতে পারছেন। শামসুল ইসলাম ২৫০ টাকায় পরিবারের চার সদস্যের জন্য কিনে নেন একটি পোপা ও একটি চাপা মাছ। ১০ মিনিটের মধ্যে এই মাছ তাঁকে রান্না করে দেওয়া হয়।হোটেল থেকে দুই হাজার টাকায় বড় একটি লবস্টার কিনে নেন চট্টগ্রামের হালিশহরের ব্যবসায়ী মনজুর আলম। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী দেড় হাজার টাকায় কেনেন বড় দুটি কালাচান্দা ও পোপা মাছ। সৈকতের পশ্চিম পাশে টেবিলের ওপর ভাজা মাছ বিক্রি করছেন স্থানীয় সিরাজ মিয়া (৫০)। তাঁর পাশে মাছ বিক্রি করছেন মো. আমিন (৪০), বেলাল উদ্দিন (২৫), মো. রফিক (৪০), ভুট্টুু (৩৪), নেজাম উদ্দিন (৫০), জিয়াবুল ইসলাম (২৩)সহ অনেকে। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এসব দোকানে ভাজা মাছ বিক্রি। এখানে মাত্র ৪০ টাকায় টাইগার মাছ, ৫০ থেকে ২০০ টাকায় খাওয়া যায় ২০০ থেকে ৬০০ গ্রাম ওজনের সুরমা, চাপা, লইট্যা, গুইজ্যা, কোরাল, টুনা, সুন্দরী, পোপাসহ বিভিন্ন মাছ। সিরাজ মিয়া বলেন, চার বছর ধরে তিনি সৈকতে ভাজা মাছ বিক্রি করছেন। গত বছর সৈকতে ভাজা মাছ বিক্রি করতেন মাত্র তিনজন। এ বছর অন্তত ৩০ জন। পর্যটকেরা ভাজা মাছ খেতে পছন্দ করায় বিক্রেতাও বেড়ে যাচ্ছে।