সেন্ট মার্টিন সৈকতে আ.লীগ নেতার বাঁধ
নিজের জমি রক্ষায় কক্সবাজারের সেন্ট মার্টিনে বাঁধ দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। বাঁধ তৈরিতে পাথর আনা হয়েছে সাগর থেকে। বাঁধের কারণে সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটছে।পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এই সৈকতের পাথর উত্তোলন, অপসারণ, শ্রেণী পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস করা সরকারি আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমতি ছাড়াই সমুদ্রের পাথর তুলে জমি রক্ষার জন্য বাঁধ নির্মাণ করায় ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে বাঁধ নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে।ঢাকার মোহাম্মদপুর থেকে আসা পর্যটক মানজুলা আজাদ বলেন, ‘বাঁধ দেওয়ায় সৈকতে হাঁটা-চলা করতে সমস্যা হচ্ছে। সৌন্দর্যও নষ্ট হচ্ছে।’গত ৪ ফেব্রুয়ারি বিকেলে সরেজমিনে দেখা যায়, সেন্ট মার্টিন অবকাশ পয়েন্টের উত্তর পাশে সমুদ্রসৈকত থেকে প্রাকৃতিক পাথর তুলে বাঁধ তৈরির কাজ চলছে। ২০ থেকে ৩০ ফুট দীর্ঘ বাঁধটি প্রস্থে চার-পাঁচ ফুট, উচ্চতায় আড়াই-তিন ফুট। বাঁধটি সৈকতের সমান্তরালে উত্তর-দক্ষিণ মুখ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সমুদ্র থেকে পাথর তুলে বাঁধ তৈরির কাজে ১০-১৫ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজটি করান ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ। দিনে বাধা পেয়ে ওই প্রভাবশালী রাতে পাথর তোলার কাজ করাতেন। নির্মাণকাজ বন্ধ থাকলেও বাঁধটি এখনো অপসারণ করা হয়নি।আওয়ামী লীগের নেতা আবদুর রশিদ বলেন, ‘সাগরের ঢেউ থেকে জমি রক্ষার জন্য অস্থায়ীভাবে পাথরের বাঁধটি দেওয়া হয়েছে। তার সামনেও আমার জমি আছে। ওই পর্যন্ত ঘিরে ফেললে পর্যটকের হাঁটা-চলার জায়গা থাকবে না। সৈকত সংকুচিত হয়ে যাবে। এই ভেবে সৈকতের আরও কয়েক ফুট জমি ছেড়ে দিয়ে অবশিষ্ট জমি বাঁধ দিয়ে ঘিরে রাখছি।’সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সৈকত এলাকা থেকে পাথর ও বালু তোলার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, সৈকত থেকে পাথর উত্তোলন করে বাঁধ নির্মাণের কোনো খবর তিনি পাননি।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, সৈকত থেকে পাথর উত্তোলন করে বেড়িবাঁধ নির্মাণের অনুমতি কাউকে দেওয়া হয়নি। এসব বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে।